Home » ডাংরি গ্রামে সন্ত্রাসী হামলার অভিযোগ

ডাংরি গ্রামে সন্ত্রাসী হামলার অভিযোগ

সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারিঃ জম্মুর রাজৌরির ডাংরি গ্রামে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দুদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিশেষ এক কমিটি গড়ে রাজৌরির বিভিন্ন পঞ্চায়েত কেন্দ্রে অস্ত্র বিলি করা শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।দেওয়া হচ্ছে গ্রামবাসীদের দেওয়া হচ্ছে অস্ত্রচালনার প্রশিক্ষণও। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে গড়া হয়েছে ‘ভিলেজ ডিফেন্স গার্ড’ গোষ্ঠী। এখন থেকে গ্রামগুলিতে সশস্ত্র পাহারা দেবে তারা। জানা গিয়েছে, এই গোষ্ঠীর অস্তিত্ব আগেও ছিল কমিটি হিসেবে। তবে নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্ব যাওয়ার পর থেকে এর প্রয়োজনীয়তা কমেছিল। মূলত .৩০৩ রাইফেল সরবরাহ করা হচ্ছে এই গার্ডদের। অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে এসে এই দলে যোগ দিচ্ছেন। এমনকি গ্রামের বহু মেয়েও চাইছেন নিজেদের নিরাপত্তার খাতিরে প্রশিক্ষণ নিতে ও অস্ত্র নিয়ে পাহারায় নামতে।


১৯৯৫ সালে জম্মুর ১০টি জেলায় প্রথম তৈরি করা হয়েছিল ভিলেজ ডিফেন্স কমিটি। ২৬ হাজারেরও বেশি বাসিন্দা নাম লিখিয়েছিলেন এই কাজে। তবে পরবর্তী কালে এই গোষ্ঠীর বিরুদ্ধেও মাদক, অপহরণ, ধর্ষণের মতো নানা অভিযোগ উঠতে শুরু করে। ধীরে ধীরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কড়া হাতে জঙ্গিদমন শুরু করলে তাদের প্রয়োজন ফুরোয়। তবে গত বছর থেকেই ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির মুখে ফের ভিলেজ ডিফেন্স কমিটিকে সক্রিয় করার ভাবনাচিন্তা শুরু হয়। শেষমেশ নতুন নামে ফিরিয়ে আনা হল তাকে।


এদিকে, সন্ত্রাসবাদী হামলার পর থেকেই এলাকায় আতঙ্ক রয়েছে। দুদিন আগেই জম্মু-কাশ্মীরের লেফেন্টেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে ডাংরি গ্রামে যান। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনাও জানিয়েছেন।

About Post Author