Home » আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স অধিনায়ক

সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স অধিনায়ক হুগো লরিস। ট্যুইট করে দেশের হয়ে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন লরিস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই ফ্রান্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন লরিস।

কাতার বিশ্বকাপেও তাঁর নেতৃত্বে ফাইনালেও উঠেছিল দল। কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারতে হয়। টানা ২ বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রেখেই কাতার ছাড়েন লরিস।

৬ ফেব্রুয়ারি ২০০৮ সালে স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের জাতীয় দলে অভিষেক হয় লরিসের। যদিও বয়সভিত্তিক জাতীয় দলে ২০০৪ সালের ১১ মার্চ জার্মানির বিরুদ্ধে লরিসের অভিষেক হয়েছিল। তারপর থেকে দীর্ঘ এক দশক জাতীয় দলকে নির্ভরতা দিয়েছে লরিসের বিশ্বস্ত গ্লাভস।

ফ্রান্সের হয়ে জাতীয় দলের হয়ে খেলছেন ১৪৫ টি ম্যাচ। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার নজিরটিও রয়েছে লরিসের ঝুলিতে। কাতার বিশ্বকাপে স্বদেশী লিলিয়াম থুরামের ১৪২ ম্যাচ খেলার রেকর্ড ভেঙ্গে দেন তিনি। ১২৯ টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন৩৬ বছরের ফরাসি গোলরক্ষক।

এবার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি। অবসরের ঘোষণার পর লরিস জানিয়েছেন, “সঠিক সময়ে জায়গা ছেড়ে দিতে হয়। আমি একাধিকবার বলেছি যে, ফ্রান্স একটি দল। কোনো ব্যক্তির একার নয়। আমি নিশ্চিত পরবর্তী প্রজন্ম দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।”

ইউরো কাপের আগে জাতীয় দলের অধিনায়কের এই সিদ্ধান্ত যে চিন্তায় রাখবে ফরাসি কোচ দিদিয়ের দেঁশকে, তা বলাই বাহুল্য।

 

About Post Author