Home » দমন ও দাদরাকে ৫ গোলে উড়িয়ে গ্ৰুপ শীর্ষে বাংলা

দমন ও দাদরাকে ৫ গোলে উড়িয়ে গ্ৰুপ শীর্ষে বাংলা

সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ পরপর দুই ম্যাচে বড় জয় বাংলার। মহারাষ্ট্রের শ্রী ছত্রপতি শিবাজী  স্টেডিয়ামে সোমবার  গ্ৰুপ ডির দ্বিতীয় ম্যাচে দমন ও দাদরার মুখোমুখি হয় বাংলা।  এদিনের ম্যাচে দমন ও দাদরাকে ৫-০ গোলে হারাল বাংলা। বাংলার হয়ে এদিন জোড়া গোল করেন অধিনায়ক নরহরি  শ্রেষ্টা ও রবি হাঁসদা। অপর গোলটি করেন সৌভিক কর। এই জয়ের ফলে মহারাষ্ট্রকে টপকে গ্ৰুপ শীর্ষে চলে গেল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল।

ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় বাঁ প্রান্তের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রবি হাঁসদা। প্রথমার্ধের ইনজুরি টাইমে বাংলার হয়ে ব্যবধান বাড়ান অধিনায়ক নরহরি শ্রেষ্টা। দ্বিতীয়ার্ধে ফের একবার গোল করে দলের ব্যবধান বাড়ান রবি হাঁসদা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের রাশ চলে যায় বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেদের দখলে। বাংলার আক্রমণাত্মক ফুটবলের কাছে তখন আত্মসমর্পণ করেছে দক্ষিণ পশ্চিম ভারতের এই কেন্দ্র শাসিত রাজ্য। ম্যাচের ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলার হয়ে ব্যবধান ৪-০ করেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের সামনে রেখে অনবদ্য দক্ষতায় বলকে জালে জড়ালেন বাংলার অধিনায়ক।

ম্যাচের ৮২ মিনিটে দমন ও দাদরার কফিনে শেষ পেরেকটি পোঁতেন পরিবর্ত হিসেবে নামা সৌভিক কর। কর্নার থেকে ট্যাপ ইন করে বল জালে জড়ান সৌভিক। ৫-০ গোলে জিতলেও এদিন ব্যবধান আরও বাড়াতে পারতেন রবি, নরহরিরা। একাধিকবার গোলের সুযোগ তৈরী হলেও কাজে লাগাতে পারেননি বাংলার ফরোয়ার্ডরা।

এই জয়ের ফলে দুই ম্যাচের দুটিতেই বড় ব্যবধানে জিতে গোল পার্থক্যের বিচারে গ্ৰুপ শীর্ষে বাংলা। এই জয়ের জন্য বাংলার দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মেয়র ফিরহাদ হাকিম।

About Post Author