Home » দিল্লির পথে কি অনুব্রত? মামলার শুনানি আজ

দিল্লির পথে কি অনুব্রত? মামলার শুনানি আজ

সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ শুক্রবার অনুব্রত মণ্ডলের মামলার শুনানি রয়েছে দিল্লি হাইকোর্টে। দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মার এজলাসে শুনানি হওয়ার কথা রয়েছে।

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রতর আইনজীবী। অনুব্রত মণ্ডলকে শ্যোন অ্যারেস্ট করে ইডি। শ্যোন অ্যারেস্টের কারণ জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। এর মধ্যেই দুবরাজপুর থানার একটি মামলায় অনুব্রতকে গ্রেফতার করা হয়। ফলে সে সময় আটকে যায় অনুব্রতর দিল্লি যাওয়া। দুবরাজপুরের সেই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন অনুব্রত। এখন তাঁর ঠিকানা আসানসোলে সিবিআইয়ের বিশেষ সংশোধনাগার।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করে সিবিআই।

উল্লেখ্য,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

About Post Author