Home » বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, স্পেনকে হারাল ২-০ গোলে

বিশ্বকাপে দুরন্ত শুরু ভারতের, স্পেনকে হারাল ২-০ গোলে

সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারিঃ  বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত জয় ভারতের। শক্তিশালী স্পেনকে হারাল ২-০ গোলে। ভারতের হয়ে গোল দুটি করেন অমিত রোহিদাস এবং হার্দিক সিংহ।

শুক্রবার থেকে শুরু হল হকি বিশ্বকাপ। এবার ঘরের মাটিতে বসেছে বিশ্বকাপের আসর। আর এদিনই রৌরকেলার বীরসা মুন্ডা স্টেডিয়ামে আয়োজক দেশ ভারত মুখোমুখি হয় শক্তিশালি স্পেনের। ম্যাচের শুরু থেকেই স্পেনকে যথেষ্ট চাপে রেখেছিল গ্রাহাম রিডের ছেলেরা। এর ফলও মেলে দ্রুত। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্ণার থেকে গোল করে এগিয়ে যায় ভারত। গোলটি করেন অমিত রোহিদাস। স্থানীয় ছেলের গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ২০ হাজার দর্শকাসনের গ্যালারি। এই গোলে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি, বিশ্বকাপে ভারতের হয়ে ২০০ তম গোলের নজিরও স্থাপন করলেন অমিত।

এই গোলের পর বিপক্ষকে আরও চাপে ফেলতে থাকেন হরমনপ্রীতরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের ব্যবধান বাড়ায় ভারত। এবার একক দক্ষতায় গোল করে যান হার্দিক সিং। বাম দিক থেকে ঝড়ের গতিতে বল নিয়ে স্পেনের রক্ষণে ঢুকে পড়েন হার্দিক। ডি-বক্সে তখন অপেক্ষা করছেন ললিত। কিন্তু হার্দিকের ক্রস ললিত পর্যন্ত পৌঁছনোর আগেই বিপক্ষ ডিফেন্ডারের স্টিকে লেগে বল জড়িয়ে যায় জালে। দ্বিতীয় কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ভারত।

তৃতীয় কোয়ার্টারে ফের ভারতের সামনে সহজ সুযোগ চলে আসে। বক্সের মধ্যে শামসেরকে ফাউল করেন স্পেনের ডিফেন্ডার। পেনাল্টি পায় ভারত। যদিও পেনাল্টি থেকে ভারতের হয়ে ব্যবধান বাড়াতে ব্যর্থ হন অধিনায়ক হরমনপ্রীত। ভারত অধিনায়কের শট বাঁচান স্পেনের গোলরক্ষক রাফি।

এদিন বলের নিয়ন্ত্রণ ছিল ভারতীয় ছেলেদের স্টিকে। গোলের অসংখ্য সহজ সুযোগ নষ্ট না করলে এদিন স্পেনকে গোলের মালা পরাতে পারত ভারত। স্পেনকে হারিয়েই আগামী রবিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে আত্মবিশ্বাসী ভারত।

About Post Author