সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৩ জানুয়ারিঃ সময়টা ভালো যাচ্ছেনা চেলসির। প্রিমিয়ার লিগে ফের মুখ থুবড়ে পড়ল গ্রাহাম পটারের দল। লিগ তালিকার ছয় নম্বরে থাকা ফুলহামের কাছে হারল ২-১ গোলে।

প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজের মাঠে ফুলহ্যামের মুখোমুখি হয়েছিল চেলসি। ম্যাচের শুরু থেকে রাশ ছিল ফুলহ্যামের ফুটবলারদের পায়ে। ম্যাচের ২৫ মিনিটে প্রাক্তন চেলসি তারকা উইলিয়ানের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়েন মার্কো সিলভার দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফেরার মরিয়া প্রয়াস শুরু করে চেলসি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে চেলসির হয়ে গোল শোধ করেন কৌলিবালি। সমতা ফিরিয়ে আনলেও ম্যাচে ফিরতে পারেনি চেলসি। ফুলহ্যাম এক ইঞ্চিও জমি ছাড়েনি। এরমধ্যেই চেলসির গোদের উপর বিষফোঁড়া হয়ে যায় ফেলিক্সের লালকার্ড। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় ফুলহ্যামের কেনি টেটেকে ফাউল করে লাল কার্ড দেখেন সদ্য আটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দেওয়া জোয়াও ফেলিক্স।

ম্যাচের ৭৩ মিনিটে ফের ফুলহ্যামকে এগিয়ে দেন কার্লোস ভিনিসিয়াস। এরপর গোলের একাধিক সুযোগ তৈরি করলেও গোল শোধ করতে পারেনি চেলসি।

এই হারের ফলে ফের অনিশ্চিত হয়ে গেল চেলসি কোচ গ্রাহাম পর্টারের ভবিষ্যত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার