Home » চোট নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকার 

চোট নিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকার 

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৭ জানুয়ারি: গত বছর টুর্নামেন্টে অংশগ্রহণ না করেই ফিরেছিলেন। কোভিডের টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলার অনুমতি পাননি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ বছর নিয়ম কিছুটা শিথিল হয়েছে। কিন্তু চোট ও বিতর্কে জেরবার ছিলেন। কিন্তু কোর্টে এখনও তিনি রাজত্ব করতে পারেন প্রমাণ করলেন আবার। তিনি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস অনুরাগীদের কাছে তিনি পরিচিত জোকার নামে।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে রড লেভার অ্যারেনায় মার্কিন টেনিস তারকা টম পলের মুখোমুখি হন জোকোভিচ। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জেতেন সার্বিয়ার টেনিস তারকা। প্রথমার্ধে কিছুটা লড়াই দিলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে জোকারের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পল। দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ৬-১ এবং ৬-২ ব্যবধানে মার্কিন টেনিস তারকাকে হারালেন জোকার। ২ ঘন্টা ২০ মিনিটের লড়াইয়ে টম পলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ।

যদিও লড়াইটা সহজ ছিল না সার্বিয়ার টেনিস তারকার। উরুর পেশীতে চোট নিয়েই বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে অংশগ্রহণ করেন জোকোভিচ। কোর্টে মাঝে মাঝেই খোঁড়াচ্ছিলেন ৩৫ বছরের সার্বিয়ার তারকা। কিন্তু তাতেও দাপট অব্যহত ছিল ২১ টি গ্র্যান্ডস্লামের মালিক। এবছর অস্ট্রেলিয়ান ওপেন জিতলে তিনি স্পর্শ করবেন স্প্যানিশ তরকা রাফাল নাদালকে।

ফাইনালে পৌঁছে দর্শকদের ধন্যবাদ দিয়েছেন জোকোভিচ। তিনি জানিয়েছেন, ‘টেনিস ক্যাারিয়ারের এই পর্যায়ে এই জয় আমার কাছে গুরুত্বপূর্ণ। সমর্থকদের কাছ থেকে উৎসাহ পেয়ে আমি অভিভূত। এটি আমার কাছে বিশ্বের সবচেয়ে সেরা টেনিস কোর্ট।’

ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন গ্রীক টেনিস তারকা চিচিপাসের। এই ম্যাচে জিততে পারলে নতুন ইতিহাস রচনা করবেন সার্বিয়ান টেনিস তারকা।

About Post Author