Home » খড়্গপুরের কাছে লাইনচ্যুত হাওড়াগামী মেদিনীপুর লোকাল, বিঘ্ন ট্রেন চলাচল

খড়্গপুরের কাছে লাইনচ্যুত হাওড়াগামী মেদিনীপুর লোকাল, বিঘ্ন ট্রেন চলাচল

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি: শনিবার দেশের পাঁচ রাজ্যে রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে এক আদিবাসী সংগঠন। এর জেরে এমনিতেই রাজ্যের বিভিন্ন এলাকায় রেল অবরোধের জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। এবার গোদের ওপর বিষফোঁড়ার মতো লাইনচ্যুত হল হাওড়াগামী মেদিনীপুর লোকাল। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবুও হাওড়া খড়্গপুর শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুরের কাছে গিরি ময়দান এলাকায় লাইনচ্যুত হয় ৩৮৮১৪ ডাউন মেদিনীপুর-হাওড়া লোকাল। সেই সময় ট্রেনের গতি কম থাকায় এড়ানো গিয়েছে বড়সর দুর্ঘটনা।


শনিবার দুপুর সাড়ে ১১টা নাগাদ খড়গপুরের গিরি ময়দান স্টেশন পেরোতেই লাইনচ্যুত হয় ট্রেনটির একটি কামরার দুটি চাকা। ট্রেনের গতি কম থাকায় যাত্রীরা রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ওই ট্রেনের গার্ড বিউটি ভট্ট। তবে ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা । অনেক যাত্রীকেই দেখা যায় বাক্স প্যাটরা নিয়ে রেললাইন ধরে খড়্গপুরের দিকে হেঁটে যেতে।

পরে রেল অধিকারিকরা জানিয়েছেন, ডাউন লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে আপ লাইন থেকে মেদিনীপুর থেকে আবার নতুন লোকাল ট্রেন দিয়ে যাত্রীদের হাওড়া উদ্দেশ্যে রওনা করানো হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। কেন ট্রেনটি লাইনচ্যুত হল তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি রেলকর্মীরা ক্ষতিগ্রস্ত ট্রেন ও রেললাইন সারানোর কাজ শুরু করেছেন। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেন দেরিতে চলাচল করছে।

About Post Author