Home » জানেন কেন শতাব্দী এক্সপ্রেসে আধা লিটার এবং রাজধানী-দুরন্তে ১ লিটার জল দেওয়া হয় যাত্রীদের?

জানেন কেন শতাব্দী এক্সপ্রেসে আধা লিটার এবং রাজধানী-দুরন্তে ১ লিটার জল দেওয়া হয় যাত্রীদের?

সময় কলকাতা ডেস্ক, ১১ ফেব্রুয়ারি: আপনারা অনেকেই ভারতীয় রেলের প্রিমিয়াম শতাব্দী, রাজধানী, দুরন্ত বা বর্তমান বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করেছেন। তাঁরা সকলেই জানেন ট্রেনে উঠলেই পানীয় জলের বোতল দেওয়া হয় যাত্রীদের। কিন্তু যারা শতাব্দী এক্সপ্রেসে যাতায়াত করেন, তাঁদের জন্য বরাদ্দ থাকে আধা লিটার (৫০০ এমএল) জল। আর রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনে যাত্রীদের দেওয়া হয় এক লিটার জলের বোতল। অথচ এই ধরণের প্রিমিয়াম ট্রেনগুলির ভাড়া অন্যান্য সাধারণ ট্রেনগুলির থেকে অনেকটাই বেশি। তাহলে শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে কেন এই বৈষম্য? অনেকের মনেই এই প্রশ্ন ওঠে। আসুন জেনে নেওয়া যাক কেন এই পার্থক্য।

আসলে ২০১৫ সালে ভারতীয় রেল একটি সার্কুলার জারি করে জানিয়েছিল, শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে যে সমস্ত ট্রেন ৫ ঘণ্টা পর্যন্ত যাত্রার ক্ষেত্রে ৫০০ মিলিলিটার পানীয় জল সরবরাহ করা হবে। এরপর ২০১৯ সালে ওই সার্কুলার সংশোধন করে জানানো হয়, সব ধরণের শতাব্দী এক্সপ্রেসে যাত্রীদের ৫০০ মিলি জলের বোতল দেওয়া হবে। এই নিয়ম এখনও চালু আছে। যদিও অন্যান্য প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে এমনটা হয় না। রাজধানী, দুরন্ত, বন্দে ভারত বা তেজস এক্সপ্রেসের মতো ট্রেনে প্রত্যেক যাত্রীকে ১ লিটার পানীয় জলের বোতল দেওয়া হয়। আসল প্রশ্ন এটাই যে শতাব্দী ও অন্যান্য ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের মৌলিক অধিকার জলের সুবিধা কেন কাটছাঁট করা হল?

রেল কর্তাদের যুক্তি, শতাব্দী এক্সপ্রেসে পানীয় জলের অপচয় বন্ধ করতেই এই সিদ্ধান্ত। আবার প্ল্যাস্টিকের বোতলের দ্বারা বর্জ্য কমানো সম্ভব হচ্ছে। তবে রেল কর্তাদের দাবি, শতাব্দী এক্সপ্রেসে আধা লিটার জলের সঙ্গে ২০০ এমএল ফলের জুসও দেওয়া হয়। রেল কর্তাদের এই প্রশ্নও করা হয়েছিল যে অনেক ট্রেনের সময়কাল শতাব্দীর মতো, তাহলে সুবিধার এত পার্থ্যক্য কেন? রেল কর্তাদের দাবি, রাজধানী, দুরন্ত, বন্দে ভারতের মতো অনেক ট্রেনই আছে যেগুলি ১২-১৫ ঘণ্টা যাত্রা করে। তাই শুধুমাত্র একটি রুট নিয়ে ট্রেনের সুযোগ-সুবিধার কোনও পরিবর্তন করার ব্যবস্থা নেই। জানা যাচ্ছে, এই ধরণের সিদ্ধান্ত নেয় রেল বোর্ড।

About Post Author