Home » রাতারাতি কোটিপতি দিনমজুর! ভাগ্য ফিরতেই আশ্রয় নিলেন থানায়

রাতারাতি কোটিপতি দিনমজুর! ভাগ্য ফিরতেই আশ্রয় নিলেন থানায়

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: মালদার মানিকচক ব্লকের ভুবনটোলা গ্রামের বাসিন্দা প্রতাপ মণ্ডল। সামান্য দিনমজুরি করেই সংসার চলে। পরিবারে আছে স্ত্রী ও দুই সন্তান। এই দিনমজুরের জীবন রাতারাতি বদলে গেল। লটারি জিতে হয়ে গেলেন কোটিপতি। লটারির প্রথম পুরস্কার জেতার খবর পেয়েই টিকিট নিয়ে তিনি ছুটলেন থানার নিশ্চিন্ত আশ্রয়ে। সাহায্য ও নিরাপত্তা চাইলেন পুলিশের কাছে। ঘটনা জানাজানি হতেই থানার সামনে ভিড় জমল। তবে হত দরিদ্র এই পরিবারে খুশির খবরে সামিল হয়েছেন গোটা গ্রামের মানুষই।

দিনমজুর প্রতাপ মণ্ডল জানিয়েছেন, তিনি প্রায়ই লটারির টিকিট কিনতেন। তবে কখনই বড় অঙ্কের পুরস্কার পাননি। গত শনিবার তিনি মানিকচক স্ট্যান্ড এলাকার টিকিট বিক্রেতা সন্তোষ সাহার কাছ থেকে ৬০ টাকা দিয়ে কয়েকটি লটারির টিকিট কেনেন। কিন্তু কাজের চাপে সেই টিকিট মেলানোর সুযোগ পাননি। শনিবার সন্ধ্যাতেই লটারি বিক্রেতা জানতে পারেন তাঁর বিক্রি করা লটারিতেই এক কোটি টাকা প্রথম পুরস্কার বেধেছে। সঙ্গে সঙ্গে এলাকায় হইচই পড়ে যায়। কিন্তু কার কপালে প্রথম পুরস্কার জুটলো সেটা প্রথমে জানতে পারেনি কেউ।

রবিবার সকালে ভুবনটোলা গ্রামের বাসিন্দা প্রতাপ মণ্ডল নিজের কেনা টিকিটটির ফলাফল দেখেন। এবং প্রথম পুরস্কার তাঁর কপালে জুটেছে দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গেই তিনি ওই টিকিট নিয়ে ছুঁটে যান মানিকচক থানায়। গোটা বিষয় জানিয়ে পুলিশের আশ্রয় নেন তিনি। পরে পুলিশের সাহায্যেই তিনি টিকিট জমা করেছেন নির্দিষ্ট জায়গায়। কোটি টাকা পুরস্কার বিজেতা প্রতাপ অবশ্য জানিয়ে দিয়েছেন, এই টাকায় সে তার সন্তানদের উচ্চ শিক্ষিত করতে চায়, যাতে তাঁদের আর বাবার মতো দিনমজুরি করতে না হয়।

About Post Author