সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: সামনেই পঞ্চায়েত ভোট। কিন্তু তার আগে আগোছালো বঙ্গ বিজেপি। অনেক আসনেই প্রার্থী দিতে পারবে কিনা এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিজেপি শীর্ষ নেতাদের মনে। এর ওপর দলের মধ্যে কোন্দল কার্যত প্রকাশ্যে। এই আবহে কলকাতায় এসে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, তিনি শনিবার রাতেই কলকাতায় এসে জরুরি বৈঠক করেন বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে। সূত্রের খবর, ওই বৈঠকে জেপি নাড্ডা পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেসের সঙ্গে অঘোষিত জোট করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা করেছেন। তিনি কার্যত নির্দেশ দিয়েছেন যে জায়গায় তাঁদের শক্তি কম, সেই সমস্ত জায়গায় বাম বা কংগ্রেসকে সমর্থন করতে। যদিও এই বিষয়ে সরকারিভাবে মুখ খোলেনি বঙ্গ বিজেপির কোনও নেতাই।

অপরদিকে রবিবার জেপি নাড্ডা দুটি জনসভা করলেন বাংলায়। পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক সলতে পাঁকাতে তিনি হাজির হয়েছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ও পূর্ব মেদিনীপুরের রামনগরে। দুটি জনসভা থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন স্পষ্ট বাংলা ভাষায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে নাড্ডা বলেন, ‘আপনার নাম তো মমতা, আপনি কবে নির্মমতা হয়ে গেলেন?’ সেই সঙ্গে তিনি বিজেপি কর্মী সমর্থকদের জন্য ভোকাল টনিক দিয়ে চাঙ্গা করার চেষ্টা করলেন। তিনি পঞ্চায়েত ভোটের জন্য স্লোগানও বেঁধে দিলেন এদিন। নাড্ডার কথায়, ‘গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে’। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত, বিজেপির সর্বভারতীয় সভাপতি সুকৌশলে পঞ্চায়েত ভোটে দলীয় অবস্থান ঠিক করে দিয়ে গেলেন বঙ্গ বিজেপির নেতা-নেত্রীদের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?