-
সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: রবিবার রাতে মর্মান্তিক ঘটনা। দক্ষিণ ২৪ পারগনার জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল চারজনের। গুরুতর আহত আরও দুই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জয়নগরের রাজাপুর- করাবেগ গ্রাম পঞ্চায়েতে বাটরা গ্রামে বসেছিল মেলা। স্থানীয় এক অনুষ্ঠানকে কেন্দ্র করেই মেলা বসে। ওই মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিল কিশোর মুচিরাম হালদার। রবিবার রাত সাড়ে ৯টার কিছু পরে আচমকাই ওই গ্যাস বেলুনের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর আহত হন ১০-১২ জন গ্রামবাসী। দ্রুতই তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন গ্রামবাসীরা। কিন্তু ততোক্ষণে চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম বেলুন বিক্রেতা মুচিরাম হালদার, কুতুব উদ্দিন মিস্ত্রি (৩৬), শাহীন মোল্লা (১৪), ও আবির গাজি। আরও ১০ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
-
বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জয়নগর-বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের দাবি, মেলা চলাকালীন রাত সাড়ে ৯টা নাগাদ হটাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কে মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। এরপরই দেখা যায় রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজন মাটিতে পড়ে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশের অনুমান, গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটেই দুর্ঘটনা, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অপরদিকে প্রশ্ন উঠছে বারবার এই ধরণের দুর্ঘটনা ঘটার পরও মেলা প্রাঙ্গনে কিভাবে এই গ্যাস বেলুন বিক্রির অনুমতি দেওয়া হয়? সোমবার সকালেও থমথমে এলাকা। রয়েছে শোকের আবহ।
জয়নগরে মর্মান্তিক দুর্ঘটনা, গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪, আহত বহু


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি