Home » একনজরে জেনে নিন মহিলা প্রিমিয়ার লিগের নিলামে কারা কি দর পেল

একনজরে জেনে নিন মহিলা প্রিমিয়ার লিগের নিলামে কারা কি দর পেল

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: এই মুহূ্র্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলে রয়েছে সুদূর দক্ষিণ আফ্রিকায়। যেখানে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির টি-২০ বিশ্বকাপ। রবিবার নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুরমুশ করেছেন হরমনপ্রীত, রিচারা। মহিলা টি-২০ বিশ্বকাপের মাঝেই সোমবার ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে বসেছিল উদ্বোধনী মহিলা আইপিএলের নিলাম পর্ব। তাই আফ্রিকায় থাকলেও ভারতীয় ক্রিকেট দলের মেয়েদের মন যে পড়েছিল আরব সাগরের তীরে তা আর বলার অপেক্ষা রাখে না।

সোমবার মোট ৮৭ জন মহিলা ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হয়েছে। এবার প্রথম মহিলা হিসেবে আইপিএলের নিলামে হাতুড়ি হাতে সঞ্চালনা করেন এক মহিলা। বিসিসিআই এবার নিলামের গুরুদায়িত্ব তুলে দিয়েছিল মল্লিকা আডবানির হাতে। যোগ্যতার সঙ্গেই সেই কাজ করেন মল্লিকা।

ভারতীয় দলের দাপুটে ওপেনার স্মৃতি মন্দনা। এদিন তাঁকে দিয়েই নিলামের শুরু হয়। আর শুরুতেই বাজিমাৎ। ৫০ লাখ টাকা বেস প্রাইস থেকে স্মৃতির দর উঠল ৩ কোটি ৪০ লক্ষ টাকায়। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ব্যাটারকে পেতে যে ফ্র্যাঞ্চাইজিগুলি আগ্রহ দেখাবে তা আগেই অনুমান করা হয়েছিল। শেষ পর্যন্ত লড়াইয়ে শেষ হাসি হাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যা দেখে দক্ষিণ আফ্রিকায় টিভির সামনে বসে থাকা স্মৃতি, উচ্ছ্বাসে ফেটে পড়েন। স্মৃতিকে নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁর সতীর্থরাও।

এরপর যার দিকে সকলের নজর ছিল। তিনি ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিছুটা নিরাশ করলেও তাঁর দর উঠল কোটির উপরে। ১ কোটি ৮০ লাখ টাকায় ভারত অধিনায়ককে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতের পাশাপশি ১ কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে পূজা বস্ত্রকার ও দেড় কোটি টাকায় জস্তিকা ভাটিয়াকেও সই দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

এছাড়াও প্রায় ২ কোটি ৬০ লাখ টাকায় উত্তর প্রদেশ ওয়ারিয়র্স দলে নিল দীপ্তি শর্মাকে। দেড় কোটি টাকায় রেনুকা সিং ঠাকুরকে দলে নেয় আরসিবি। এক কোটি টাকায় উত্তর প্রদেশের ফ্র্যাঞ্চাইজি দলে নেয় শবনম ইসমাইলকে। এছাড়া ১ কোটি ৪০ লাখ টাকায় ইউপি ওয়ারিয়র্স দলে নেয় দেবিকা বৈদ্যকেও।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত খেলা জেমাইমা রডরিগজকে ২ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এর পাশাপশি সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শেফালি ভার্মাকেও ২ কোটি টাকায় দলে নেয় দিল্লি। বেস প্রাইস ৪০ লাখ টাকায় গুজরাট দলে নেয় হারলিন দেওললকে।

সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের সদস্য ও চলতি টি ২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা বাংলার মেয়ে রিচা ঘোষকে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকায় দলে নিল আরসিবি। এছাড়াও বাংলার বোলার তিতাস সাধুকে ২৫ লাখ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস। তবে এদিন অবিক্রিত থাকেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের অপর বাংলার সদস্য ঋষিতা বসু।

এই নিলাম যুদ্ধে পিছিয়ে ছিলেন না বিদেশী ক্রিকেটাররাও। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার অ্যাশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লাখ টাকায় দলে নিল গুজরাট। ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ন্যাট শিভারকে ৩ কোটি ২০ লাখ টাকায় তুলে নিয়েছে মুম্বই। টি-টোয়েন্টি ফরম্যাটে দুরন্ত ফর্মে থাকা অজি ব্যাটার বেথ মুনিকে প্রায় ২ কোটি টাকায় দলে নিয়েছে গুজরাট। এছাড়াও ইংল্যান্ডের অলরাউন্ডার সোফি এক্লেস্টোনকে ১ কোটি ৮০ লাখ টাকায় দলে নিয়েছে উত্তর প্রদেশ ওয়ারিয়র্স।

এখনও মাঠে খেলা শুরু হতে বাকি কয়েকদিন কিন্তু মাঠের বাইরে ক্রিকেটারদের দলে টানার লড়াইয়ে জমে উঠল ডব্লিউপিএল। এখন মাঠের মধ্যে এই ক্রিকেট যুদ্ধ ক্রিকেটপ্রেমীদের মন রঞ্জন করতে পারে কিনা সেটাই দেখার।

About Post Author