সময় কলকাতা, স্পোর্টস ব্যুরো, ১২ ফেব্রুয়ারি: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি ২০ বিশ্বকাপে স্বপ্নের শুরু ভারতের। রবিবার দক্ষিণ আফ্রিকার কেউটাউনে পাকিস্তানের মুখোমুখি হয় ভারতের মেয়েরা। স্মৃতি মন্দানার আঙ্গুলে চোট থাকায় এদিন প্রথম দলে সুযোগ পান যস্তিকা ভাটিয়া।

এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মাহরুফ। যদিও এদিন শুরুটা দুরন্ত করেছিল ভারত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে পাক ওপেনার জাভেরিয়া খানকে ডাগআউটে ফেরান দীপ্তি শর্মা। ৬ বলে ৮ রান করে ফেরেন জাভেরিয়া। রান পাননি অপর পাক ওপেনার মুনিবা আলিও। রাধা যাদবের বলে ১৪ বলে ১২ রান করে ডাগআউটে ফেরেন মুনিবা। রানের খাতা না খুলেই ফেরেন নিদা ডার।

মাত্র ৭.৩ ওভারে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। ১৭ বলে ১১ রান করে রাধা যাদবের বলে আউট হন সিদ্রা আমিন। যদিও প্রাথমিক ধাক্কা সামলে নেয় পাকিস্তানের মেয়েরা। দলের হাল ধরেন অধিনায়ক বিসমা মাহরুফ। তাঁকে যোগ্য সঙ্গত দেন আয়েশা নাসিম। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ ৯ ওভারে ৯০ রান পাকিস্তানের স্কোরকার্ডে যুক্ত করেন এই জুটি। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৪৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ৫৫ বলে ৬৮ রানে অধিনায়ক বিসমা ও ২৫ বলে ৪৩ রান করে আয়েশা অপরাজিত থাকেন। ভারতের হয়ে দুটি উইকেট নেন রাধা, একটি করে উইকেট নেন দীপ্তি ও পূজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ইতিবাচক করেন ভারতের দুই ওপেনার যস্তিকা ভাটিয়া ও শেফালি বার্মা। তবে পাওয়ার প্লের শেষ ওভারে সাদিয়া ইকবালের ওভারে ২০ বলে ১৭ রান করে ডাগআউটে ফেরেন যস্তিকা। দশম ওভারে ফেরেন ভারতের অপর ওপেনার শেফালি বার্মা। ছক্কা মারতে গিয়ে, ২৫ বলে ৩৩ রান করে নাসরার ওভারে আউট হন শেফালি। এরপর ভারতের ইনিংস কিছুটা শ্লথ হয়। অধিনায়ক হরমনপ্রীত শুরু থেকে আক্রমণাত্মক খেললেও সফল হননি। ১২ বলে ১৬ রানেই থামতে হয় ভারত অধিনায়ককে। এসময় কিছুটা চাপে পরে যায় ভারতের মেয়েরা। ক্রিজে সেট হতে অনেকটাই সময় নেন জেমাইমা ফার্নান্দেজ।

এক সময় ম্যাচের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যখন প্রতি ওভারে জিততে গেলে ভারতকে ১০ রানের বেশি করতে হত। এমন সময় কেপটাউন দেখল বাংলার মেয়ের আগ্রাসী ব্যাটিং। শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন রিচা ঘোষ। শুধু ঝোড়ো ব্যাটিংই করলেন না ক্রিজের অপরপ্রান্তে থাকা জেমাইমাকেও আত্মবিশ্বাস জোগালেন সদ্য অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে যুব বিশ্বকাপ জেতা রিচা।

জেমাইমা ও রিচা জুটিতে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাল ভারত। ৩৮ বলে ৫৩ রানে জেমাইমা ও ২০ বলে ৩১ রান করে রিচা অপরাজিত থাকেন। দুরন্ত ব্যাটিং করে এদিন ম্যাচের সেরা নির্বাচিত হন জেমাইমা।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত