Home » ‘জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত মসৃণ হাইওয়ে’, বাঁকুড়া থেকে বড় ঘোষণা মমতার

‘জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত মসৃণ হাইওয়ে’, বাঁকুড়া থেকে বড় ঘোষণা মমতার

সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের মধ্যে ঝাঁ চকচকে হাইওয়ে তৈরির কথা ঘোষণা করেছিলেন। এবার বাঁকুড়া সফরে গিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের মধ্যে সংযোগকারী নতুন রাস্তা তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভাষণ দিতে গিয়ে রাজ্যবাসীকে এই সুখবর দেন তিনি। নতুন এই হাইওয়ে তৈরির জন্য রাজ্য সরকার ৩,২০০ কোটি টাকা বরাদ্দ করেছে এই খবরও জানান মুখ্যমন্ত্রী। এদিন বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহল থেকে সরাসরি উত্তরবঙ্গে যাওয়ার নতুন হাইওয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাস্তাটি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে জয়রামবাটি-কামারপুকুর থেকে বর্ধমানের মধ্য দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। নতুন এই হাইওয়ে তৈরি হয়ে গেলে পর্যটকদের পাশাপাশি জঙ্গলমহলের অর্থনৈতিক বিকাশেও সাহায্য করবে।


এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ১৫০ কোটি টাকার ৩৭টি প্রকল্পের উদ্বোধন ও প্রায় ১৯০ কোটি টাকার ৩৫টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পাশাপাশি এদিন ফের বঞ্চনার প্রসঙ্গ টেনে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্য থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে টাকা দেয় না কেন্দ্র। বাংলার মানুষ ভিক্ষা নয়, অধিকার চায়। আর দিল্লির সরকার বাংলাকে ভাতে মারতে চাইছে। বাঁকুড়ার জন্য বিজেপি কোনও কাজ করেনি। ভোটের সময় নানা প্রতিশ্রুতি দেয়। আর ভোট শেষে তাদের পাওয়া যায় না’। কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করতে গিয়ে তিনি এদিন ডিএ প্রসঙ্গও তোলেন। ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি। অপরদিকে কেন্দ্রীয় সরকার টাকা কেটে নিচ্ছে। কেন্দ্র পশ্চিমবঙ্গকেই ভাতে মারতে চাইছে।

About Post Author