Home » রাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রী! ফের কুরুচিকর মন্তব্য অখিল গিরির

রাষ্ট্রপতির পর এবার প্রধানমন্ত্রী! ফের কুরুচিকর মন্তব্য অখিল গিরির

সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ ফের বিপাকে রামনগরের বিধায়ক তথা কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। কিছুদিন আগেই নন্দীগ্রামের একটি জনসভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে তুমুল বিতর্ক দানা বাধে। এবার রামনগরের একটি সভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে কারা প্রতিমন্ত্রী অখিল গিরি বলেন, ‘ভালবাসা দিবস। ছেলে মেয়েরা সব গোলাপ ফুল দেয়। একজন মানুষকে আরেকজন মানুষ ভালবাসে। প্রধানমন্ত্রী গরুকে আঁকড়ে ভালবাসা করতে গিয়েছিলেন। গরু গুঁতিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে। পুরো পড়ে গিয়েছে। তবু ভাল ষাঁড় ধরেনি। ষাঁড় পেটে গুঁতিয়ে দিত। পুরো হুশ! আমরা মানুষকে আলিঙ্গন করি, নরেন্দ্র মোদী গরুকে জড়িয়ে ধরছেন। কী সুন্দর।’ রাজ্যের মন্ত্রী অখিল গিরির প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্যের পরই সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। ইতিমধ্যেই কারা প্রতিমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি।


এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘মন্ত্রিত্বে থাকারই যোগ্য নন উনি। পাগলা গারদে দেওয়া উচিত ওনাকে। মস্তিষ্কের বিকৃতি হয়েছে। রাঁচির পাগলা গারদই ওনার জন্য উপযুক্ত জায়গা।’  অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,‘এরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু বলা হয়। বলা কি শোভনীয়? তাও তো বলা হচ্ছে।’


উল্লেখ্য, কিছুদিন আগেই নন্দীগ্রামের একটি জনসভা থেকে নন্দীগ্রামে তৃণমূলের সভামঞ্চে আগুন লাগানোর প্রতিবাদ জানাতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে মন্তব্য করে অখিল গিরি বলেন, ‘বলে দেখতে ভালো নয়। কী রূপসী! কী দেখতে ভালো! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ রাজ্যের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে এহেন মন্তব্যের পরই সমালোচনায় সরব হন বিরোধীরা। অখিল গিরির সেই বক্তব্যের ক্লিপিংস একটি টুইট করে বিজেপির মুখপাত্র অমিত মালব্য লেখেন, ‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাজ্যের আরও এক মন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার আদিবাসী বিরোধী। তিনি রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি। এই ঘটনা লজ্জাজনক!’ তবে শুধু রাষ্ট্রপতিকেই নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করে অখিল গিরি বলেন,‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার বলেন, তাহলেই শুভেন্দু অধিকারীর হাত-পাঁজর সব ভেঙে দেব। আমাদের সেন্ট্রাল বাহিনী দেখাচ্ছ।’


যদিও অখিল গিরির হয়ে সেসময় ক্ষমাও চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিল গিরির মন্তব্যের বিরোধিতা করে বলেছিলেন, ‘রাষ্ট্রপতিকে অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিলকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’

About Post Author