Home » রাজ্যে এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা

রাজ্যে এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা

সময় কলকাতা ডেস্ক,২১ ফেব্রুয়ারিঃ জেলায় জেলায় পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। হাওয়া অফিস সূত্রে খবর,ফেব্রুয়ারির শেষের দিকেই রাজ্যে তাপমাত্রা বেড়ে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মার্চেও ভ্যাপসা গরম পড়বে রাজ্যে। তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হবে আকাশ। বাড়বে গরমও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলিয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯৫ শতাংশ।

পূর্বাভাস বলছে,মঙ্গলবার পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়। এদিকে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এলাকায়। ক্রমশই দুর্বল হচ্ছে। উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পূর্ব ভারতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে।

About Post Author