Home » কম্বল বিতরণ কাণ্ডে চৈতালি তিওয়ারির জামিনের আর্জি খারিজ

কম্বল বিতরণ কাণ্ডে চৈতালি তিওয়ারির জামিনের আর্জি খারিজ

সময় কলকাতা ডেস্ক,২৩ ফেব্রুয়ারি ঃ কম্বল বিতরণ কাণ্ডে আরও বিপাকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। এবার বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন খারিজ করে দিল হাই কোর্টে। গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেতেই কলকাতা হাই কোর্টে আবেদন করেন জিতেন্দ্র। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির আগাম জামিনের আবেদন খারিজ করে। ফলে আসানসোল পুরনিগমের কাউন্সিলরের আর কোনও রক্ষাকবচ রইল না। এর আগে গত বছর ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু পুলিশের অভিযোগ ছিল, চৈতালি তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না। তাঁকে বারবার নোটিস দেওয়া হলেও কোনরকম সাড়া পাওয়া যায়নি।


উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও মেগা কম্বল বিতরণী অনুষ্ঠান হয়। বকলমে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি পরের দিন আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। অনিচ্ছাকৃত খুন-সহ তিনটি ধারায় একটি এফআইআর হয়। তাতে জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি-সহ নির্দিষ্ট করে ১০ জনের নাম ছিল। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে।

About Post Author