সময় কলকাতা ডেস্ক,২৩ ফেব্রুয়ারি ঃ ফের লাইনচ্যুত হল ৩৮৯০৯ হাওড়া – আমতা লোকাল। বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের আপ হাওড়া আমতা লোকাল দুর্ঘটনার মুখে পড়ে। চলন্ত অবস্থাতেই লোকাল ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায়। মাজু স্টেশনে ঢোকার আগেই লোকালটির তিনটি বগি লাইনচ্যুত হয়। রেল সূত্রে খবর,স্টেশনে ঢোকার আগে গাড়ির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। আচমকা এই দুর্ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেই দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। দক্ষিণ-পূর্ব রেলের তরফে ঘটনাস্থলে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলেই জানান হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার জেরে আপাতত সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে হাওড়া-আমতা লাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের ওই লাইনে ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। যদিও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে রেল। এদিনের এই রেল দুর্ঘটনায় যাত্রীদের সুবিধার্থে চারটি তথ্য অনুসন্ধান হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যার মধ্যে রয়েছে শালিমার – ৯৮৩৬২২১৫৩৩, সাঁতরাগাছি – ৭৫৯৫০৭৩৯৭০,আমতা-৯৫৬৩৬৮২৭৫৯,হাওড়া – ০৩৩২৬৩৮২২১৭। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের নিজস্ব গন্তব্যে পাঠানোর জন্য স্থানীয় পরিবহণ ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি