সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারিঃ পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে সমস্ত দফতরের কাজ খতিয়ে দেখতে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ ফেব্রুয়ারি, সোমবার দুপুরের এই বৈঠকে সমস্ত দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে একাধিক বিষয়ে অভিযোগ জমা পড়েছে। বৈঠকে প্রতিটি অভিযোগ সংক্রান্ত স্ট্যাটাস জানাতে হবে আধিকারিকদের। পাশাপাশি, প্রতিটি প্রকল্পের কাজ ঠিক হচ্ছে নাকি, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও নেবেন মুখ্যমন্ত্রী। আবার অনেকেরই মতে, ‘দিদির দূত’রা রাজ্যের প্রত্যন্ত এলাকাতে ইতিমধ্যেই ঘুরে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে নানা অভাব-অভিযোগের কথা শুনে এসেছেন তাঁরা। বৈঠকে সেই সমস্ত অভাব অভিযোগ নিয়েও আলোচনা হতে পারে। যদিও বলে রাখা ভাল ‘দিদির দূত’ কর্মসূচি কোনও সরকারি প্রকল্প না। এটি তৃণমূলের দলভিত্তিক কর্মসূচি। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উন্নয়নকে হাতিয়ার করেছে শাসকদল। পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত প্রশাসনিক কাজকর্মের গতি বাড়াতেই মুখ্যমন্ত্রী নিজে সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন। ইতিমধ্যেই প্রতিটি দপ্তরে বৈঠকের প্রস্তুতি তুঙ্গে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?