সময় কলকাতা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি: রেলের পরিভাষায় ‘মডেল’ স্টেশন বোলপুর-শান্তিনিকেতন। অথচ এই স্টেশনের কোনও কলেই গত ৪ দিন ধরে পানীয় জল পড়ছে না। ফলে চরম সমস্যায় পড়ছেন রেল যাত্রীরা৷ জলের অভাবে শৌচালয় পর্যন্ত বন্ধ। এই স্টেশনে বন্দেভারত, শতাব্দীর মত দ্রুতগামী ট্রেন থেকে শুরু করে বহু দূরপাল্লার ট্রেন দাঁড়ায়। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতাযাত করেন এই স্টেশন থেকে। কিন্তু মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকার পানীয় জলই নেই বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শহর বোলপুর। তাই এই বোলপুর-শান্তিনিকেতন স্টেশনকে বহু আগেই ‘মডেল’ স্টেশন ঘোষণা করেছে রেল মন্ত্রক। আর এই স্টেশনে ৪ দিন ধরে নেই পানীয় জল। তিনটি প্ল্যাটফর্মের সমস্ত কল পানীয় জল শূন্য। এমনকী, জলের অভাবে ৪ দিন ধরেই বন্ধ সমস্ত প্ল্যাটফর্মের শৌচালয়৷

প্রতিদিন বহু দূরপাল্লার ট্রেন এই স্টেশনে দাঁড়ায়। চলে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। পানীয় জল না থাকায় চরম সংকটে যাত্রীরা৷ পাশাপাশি বহু বিদেশী পর্যটক ও অধ্যাপক আসেন শান্তিনিকেতনে। এদিকে শীত কাটিয়ে গরম পড়তে শুরু করেছে। ফলে স্টেশনে একফোঁটা জল না পেয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। যাত্রীরা বলছেন, “গরম পড়েছে৷ আর স্টেশনে জল নেই৷ ফলে সমস্যা তো হচ্ছে৷ কল গুলো সব শুকিয়ে আছে৷ স্টেশনে জল পাব না এটা কেমন বিষয়।” স্টেশন কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কোন মন্তব্য না করতে চাইলেও রেল সূত্রে জানা গিয়েছে, ট্যাঙ্কে জল তোলার একটি বড় মটর বিকল হয়ে যাওয়ায় এই বিপত্তি। দ্রুত ওই মোটর সারানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু যাত্রীদের প্রশ্ন, কেন পানীয় জলের বিকল্প ব্যবস্থা করল না রেল কর্তৃপক্ষ? উত্তর মেলেনি, কবে পানীয় জল স্বাভাবিক হবে তারও।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী