Home » ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান,মৃত ৯ পুলিশকর্মী

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান,মৃত ৯ পুলিশকর্মী

সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। ঘটনায় মৃত্যু হয়েছে ৯জন পুলিশকর্মীর। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। পাক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার বালুচিস্তান প্রদেশের সিবি ও কাছি সীমান্তবর্তী বোলান এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেসময় একটি পুলিশের গাড়ি বোলান এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়িটি কামব্রি ব্রিজের কাছে আসতেই আচমকা বিস্ফোরণ হয়। ঘটনায় প্রাণ হারান ৯জন পুলিশকর্মী। অন্যদিকে,বিস্ফোরণরে জেরে কড়া নিরাপত্তায় পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে,আত্মঘাতি হামলার জেরে এই বিস্ফোরণরে ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। গোটা ঘটনায় পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তান-এর মদত রয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে, এখনও পর্যন্ত কোনও সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই-তালিবান। পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর আফগানদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে। কিছুদিন আগেও কাবুলের একটি মসজিদ-এ প্রার্থনার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যার জেরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৬৫ জন। এমনকী মসজিদের ইমামেরও প্রাণ গিয়েছিল।

About Post Author