Home » অশ্বিনের ৬ উইকেট, তবুও ৪৮০ রানের বিশাল বোঝা ভারতের ঘাড়ে

অশ্বিনের ৬ উইকেট, তবুও ৪৮০ রানের বিশাল বোঝা ভারতের ঘাড়ে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১০ মার্চ: আমেদাবাদে বর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টে প্রবল চাপে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের ঘাড়ে ৪৮০ রানের বিশাল বোঝা চাপাল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর বিনা ইউকেটে ৩৬ রান। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম দিনই অ্যাডভান্টেজে ছিল অজি বাহিনী। প্রথম দিনেই শতরান করেছিলেন অজি ওপেনার উসমান খোয়াজা। এদিন তিনি সেই রান আরও এগিয়ে নিয়ে গিয়ে ১৮০ রানে শেষ করলেন ঝকঝকে ইনিংস। ২১টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর এই দুরন্ত ইনিংস।

অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে যখন তিনি প্যাভিলিয়নে ফিরলেন ততক্ষণে রানের পাহাড়ে চড়ে বসেছে অস্ট্রেলিয়া। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে শতরান করলেন ক্যামরন গ্রীনও। তাঁর ১৭০ বলে ১১৪ রানের ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারি। শেষের দিকে টডি মর্ফি (৪১) এবং নাথান লিওঁ (৩৪) অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ে বসিয়ে দেয়। প্রথম দিকে সুবিধা করতে না পারলেও এদিন পরের পর্বে বল হাতে ভেলকি দেখালেন রবিচন্দ্র অশ্বিন। ৯১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিলেন এই ভারতীয় স্পিনার।

দিনের শেষ লগ্নে ব্যাট করতে নামে ভারতের দুই ওপেনার। ১০ ওভার ব্যাট করে বিনা উইকেটে ভারতের রান ৩৬। অর্থাৎ ভারত ৪৪৪ রানে পিছিয়ে আছে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তৃতীয় দিনে ভারতকে বেগ দেবেন অজি স্পিনার নাথান লিওঁ এবং ম্যাথু কুহনম্যান। কারণ, দ্বিতীয় দিনের চা পানের বিরতির পর দুই ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্র অশ্বিন যথেষ্ট বেগ দিল অজি ব্যাটসম্যানদের। ফলে তৃতীয় দিনে পিচ আরও কিছুটা ভাঙবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও পিচ বিতর্কের পর নাগপুর ও ইন্দোরের থেকে আমেদাবাদের পিচ অনেকটাই আলাদা। প্রথম দুই দিন বল সেভাবে ঘোরেনি। ব্যাটসম্যানরা সহজেই ব্যাট করেছেন। তবুও অশ্বিনের ছয় উইকেট বুঝিয়ে দিচ্ছে তৃতীয় দিনে বল ঘুরতে পারে। ফলে ভারতের সামনে ম্যাচ বাঁচানো যথেষ্ট কঠিন বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে ভারতীয় ব্যাটিং লাইনআপে রোহিত শর্মা, শ্রেয়শ আইয়ার, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার মতো ব্যাটসম্যান রয়েছেন। এখন তাঁদের ওপরই নির্ভর করছে ভারতের সিরিজ জয়।

About Post Author