Home » সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি শিয়ালদা মেন শাখায়

সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি শিয়ালদা মেন শাখায়

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি শিয়ালদা মেন শাখায়। ইন্টারলকিংয়ের কাজের জেরে দেরিতে চলছে বহু লোকাল ট্রেন।  বহু লোকাল ট্রেন বাতিলও করা হয়েছে। যার জেরে কার্যত  সকাল থেকেই সমস্যার সম্মুখীন  হতে হচ্ছে নিত্য  যাত্রীদের। আগামী আরও তিনদিন এই সমস্যা চলবে বলেই জানা গিয়েছে। পূর্ব রেলসূত্রে খবর,নৈহাটি-কল্যাণী লাইনের মধ্যে ইন্টালকিংয়ের কাজ এবং শিয়ালদা-নৈহাটি শাখায় তৃতীয় লাইন চালুর জন্য ১০ থেকে ১৪ মার্চ পর্যন্ত কাজ চলবে। যার কারণে শিয়ালদা-কল্যাণী শাখায় মোট ২১ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। তবে,শুধু লোকাল ট্রেনই নয়, বেশ কিছু প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। এছাড়া নৈহাটি হয়ে চলাচলকারী বহু দূরপাল্লার ট্রেন দক্ষিনেশ্বর, ডানকুনি হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

যাত্রীদের একাংশের অভিযোগ, প্রায় প্রতিটি ট্রেনই ৪৫-৬০ মিনিট দেরিতে চলছে। কোনও কোনও ট্রেন তারও বেশি লেট। এর ওপর বহু ট্রেন বাতিল। যে ট্রেন চলছে সেগুলিও আবার একেকটি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে। এর জেরে ভোগান্তি বেড়েছে বলেই দাবি যাত্রীদের। আবার অনেক যাত্রীর অভিযোগ, ট্রেন কখন ছাড়বে, তার কোনও ঘোষণাও করা হচ্ছে না স্টেশনগুলিতে।


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অবশ্য মেনে নিয়েছেন যাত্রীদের দুর্ভোগের কথা। তাঁর দাবি, “নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মাঝের সময়টা বেছে নিয়েছি, যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়”। রেল জানিয়েছে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে ট্রেন নিয়ন্ত্রণ। শনিবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বহু ট্রেন বাতিল থাকবে। ফলে আগামী সপ্তাহের প্রথম দুই দিনও নিত্যযাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হবে বলে মনে করছেন অনেকে।

About Post Author