Home » অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ, সিবিআই হাজিরা এড়ালেন তেজস্বী

অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ, সিবিআই হাজিরা এড়ালেন তেজস্বী

সময় কলকাতা ডেস্ক,১১ মার্চঃ বিহারের জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। কিন্তু স্বভাবসিদ্ধ ভাবে এদিনও হাজিরা এড়িয়ে গিয়েছে  তেজস্বী যাদব। অন্তঃসত্ত্বা স্ত্রী অসুস্থ থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এর আগে চলতি মাসের ৪ তারিখ বিহারের  জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় জেরার জন্য তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। সেসময়ও হাজিররা দেননি তিনি।

এদিকে, শুক্রবারই তেজস্বীর দিল্লির বাড়ি সহ তার তিন বোনের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। এদিন চার ভাই-বোনেদের বাড়ি থেকে নগদ ৭০ লাখ টাকা, দেড় কেজি সোনা এবং ৯০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে তেজস্বীর বাড়ি থেকে দুর্নীতি সংক্রান্ত কোনও নথি পাওয়া গিয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকী ওইদিন তেজস্বীর অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ইডির আধিকারিকরা ম্যারাথন জেরা করে বলেই সূত্রের খবর। এরপরই তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কার্যত সেকারণেই শনিবার সিবিআইয়ের সদর দপ্তরে তেজস্বী হাজিরা দিতে যাননি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, ইউপিএ জমানায় ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। সেসময় তিনি জমির বদলে রেলের গ্রুপ ডি পদে বহু যুবক-যুবতীকে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই সময়কালে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন রাবড়ি দেবী। অভিযোগ, তিনিও জড়িত ছিলেন এই নিয়োগ দুর্নীতিতে। লালুকন্যা আরজেডি সাংসদ মিশা ভারতীও জড়িত ছিলেন বলে অভিযোগ। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, পুরোনো মামলা ফের নতুন করে সামনে এনে বিরোধী নেতাদের হেনস্থা করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিষয়ে দেশের ৯টি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব একযোগে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযোগ জানিয়েছিলেন। ওই চিঠিতেই সাক্ষর করেছিলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবও। কিন্তু এরপরই ইডি-সিবিআই তৎপরতা দেখাতে শুরু করেছে বলেই অভিযোগ জানিয়েছেন তেজস্বী। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের চাপে রাখার কৌশল নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। আম আদমী পার্টির নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই। দক্ষিণের নেত্রী তথা কেসিআর কন্যা কবিতাকেও দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ডেকে পাঠিয়েছে ইডি। যদিও তিনি দিল্লিতে অনশন শুরু করেছেন। তাঁর পাশে দাঁড়িয়েছে তৃণমূল-সহ দেশের ১২টি বিরোধী রাজনৈতিক দল। এরমধ্যেই তেজস্বীর বাড়িতে ইডি হানা বিতর্ক আরও উস্কে দিল।

 

About Post Author