Home » সপ্তাহান্তে জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগ

সপ্তাহান্তে জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগ

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৩ মার্চ ২০২৩: জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জয়ের লড়াই। আর খেতাব জয়ের লড়াইয়ে অপ্রতিরোধ্য আর্সেনাল। রবিবার ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের মুখোমুখি হয় লিগ তালিকার শীর্ষে থাকা আর্সেনাল। এই ম্যাচে দাপুটে ফুটবল খেলে ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে খেতাব জয়ের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল গানার্সরা।

এদিন ম্যাচের ২১ মিনিটের মাথায় আর্সেনালের হয়ে গোলের খাতা খোলেন ব্রাজিলিয়ান সেন্টার হাফ গ্যাব্রিয়েল। এর ঠিক পাঁচ মিনিট পর দলের হয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্সেনালের হয়ে গোলের ব্যবধান ৩-০ করেন মার্টিন ওডেগার্ড। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও কোনও দলই গোল করতে পারেনি।

অপরদিকে, সাউথ্যাম্পটনের বিরুদ্ধে ঘরের মাঠে গোল শূণ্য ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিন গোল নষ্টের খেসারত দিতে হল এরিক টেন হ্যাগের দলকে। ম্যাচের ৩৪ মিনিটে বিপক্ষের ফুটবলারকে ফাউল করে এদিন লাল কার্ড দেখেন ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এনিয়ে এই মরশুমে দ্বিতীয়বার সরাসরি লালকার্ড দেখলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সরাসরি লাল কার্ড দেখায় আগামী ৪ ম্যাচ নির্বাসনে থাকতে হবে এই তারকা মিডফিল্ডারকে। তবে ১০ জনের ইউনাইটেডকে শেষ ৫৬ মিনিট পেয়েও কাজে লাগাতে পারেনি ‘দ্য সেন্টস’- রা। এই ম্যাচ ড্রয়ের ফলে লিগ জয়ের লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ল রেডডেভিলরা।

লিগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে উল্ভসের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। নিউক্যাসেলের হয়ে গোলগুলি করেন ইসাক ও অ্যালমিরণ। উল্ভসের হয়ে গোলের ব্যবধান কমান হোয়াং।

লিগের অপর একটি ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচ ১-১ গোলে শেষ করল অ্যাস্টন ভিলা। ম্যাচের ১৭ মিনিটে ভিলাকে এগিয়ে দেন ওয়াটকিনস। ম্যাচের ২৬ মিনিটে হ্যামারদের হয়ে সমতা ফেরান বেনরাহমা।

২৭ তম ম্যাচ-ডের শেষে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। ২৭ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট ৬৬। সমসংখ্যক ম্যাচ খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। সাউথ্যাম্পটনের সঙ্গে ম্যাচ অমীমাংসিত শেষ হলেও তৃতীয় স্থান ধরে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫০। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে এরিক টেন হ্যাগের দলের ঘাড়ে নিশ্বাস ফেলছে নিউক্যাসেল ইউনাইটেড।

 

About Post Author