Home » রাজনৈতিক মিটিং-মিছিলের অনুমতি নেওয়ার প্রক্রিয়ায় রদবদল করল হাইকোর্ট

রাজনৈতিক মিটিং-মিছিলের অনুমতি নেওয়ার প্রক্রিয়ায় রদবদল করল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: এবার থেকে থানা নয়, রাজনৈতিক মিটিং মিছিলের আবেদন করতে হবে জেলা পুলিশের হেড কোয়ার্টারে। অর্থাৎ, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের দফতর থেকেই রাজনৈতিক দলগুলিকে অনুমতি নিতে হবে। শুক্রবার একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। একই সঙ্গে তাঁর নির্দেশ, এবার শাসকদলের মতো বিরোধী দলগুলির সভা, মিটিং মিছিলের ক্ষেত্রে সমান নীতি গ্রহণ করতে হবে পুলিশ সুপার বা পুলিশ কমিশনারদের।

রাজ্যে বিরোধী দলগুলি সভা বা মিছিল করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ বিরোধীদের অনুমতি দিচ্ছে না। অথচ শাসকদলের ক্ষেত্রে তা হচ্ছে না। এই সংক্রান্ত অভিযোগ নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। যার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা এদিন একটি সার্বিক নীতি তৈরি করে দিলেন। বিচারপতি নির্দেশে বলেছেন, আশা করছি এবার থেকে রাজনৈতিক দল বা গোষ্ঠীর মধ্যে কোনও বাছবিচার বা পক্ষপাতিত্ব না করেই সমস্ত কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ-প্রাশসন। এক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলির সভা-মিছিলের অনুমতি নেওয়ার প্রক্রিয়াও বদল করে দিলেন।

বিচারপতির নির্দেশ, এবার থেকে স্থানীয় থানা নয়, আবেদন করতে হবে সরাসরি পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কাছে। কোন দল কবে কি আবেদন জানিয়েছে তা নির্দিষ্ট রেজিস্ট্রারে নথিভূক্ত রাখতে হবে। এবং অনলাইনে আবেদনের স্টেটাস দেখার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এই নির্দেশও দেওয়া হল যে আগে আবেদন করলে তাঁদেরই অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে কোনও বৈষম্য যেন না হয় সেটাও দেখতে হবে পুলিশকর্তাদের। মিছিলের রুট, কত মানুষের জমায়েত হবে তা প্রকৃত খোঁজখবর নিয়ে নথিভূক্ত করতে হবে পুলিশকে।

About Post Author