Home » দিল্লিতে রাজ্যপাল-অমিত শাহর বৈঠক ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা

দিল্লিতে রাজ্যপাল-অমিত শাহর বৈঠক ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা

সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: সামনেই রাজ্যের পঞ্চায়েত ভোট। তার আগে নিয়োগ দুর্নীতি ও ডিএ ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। অপরদিকে শুরুটা মধুর হলেও ক্রমশ রাজভবন ও নবান্নের মধ্যে দূরত্ব বাড়ছে। এই আবহেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বৈঠককে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাংলার রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, একাধিক ইস্যু নিয়েই রাজ্যপাল-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। এমনও জানা যাচ্ছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল। ফলে এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

বাংলার রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ইতিমধ্যেই বঙ্গ বিজেপি পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছে। রাজভবনেও সেই দাবি পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বৈঠকে এই প্রসঙ্গও উঠেছে। অপরদিকে, সম্প্রতি রাজ্যপালের প্রধান সচিব নিয়ে রাজভবন ও নবান্নের সংঘাতের প্রসঙ্গও উঠবে বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে তার প্রধান সচিবের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। তারপর থেকে ওই পদে কাউকে মনোনীত করা হয়নি।

অপরদিকে, গত ১২ মার্চ ডিএ নিয়ে আন্দোলনরত কর্মচারীদের একাংশ রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা করেছিলেন। তাঁদের দাবিদাওয়া নিয়ে সবিস্তারে রাজ্যপালকে জানিয়ে এসেছিলেন। পরে আন্দোলনকারীরা জানিয়েছিলেন রাজ্যপাল তাঁদের পাশে দাঁড়িয়েছেন। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে রাজ্যপাল সেই বিষয়েও আলোচনা করেছেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে আনন্দের সঙ্গে দেখা করেছিলেন। তবে সেই আলোচনার বিষয় যেমন প্রকাশ্যে আসেনি, তেমনই শাহ-রাজ্যপাল বৈঠকের বিষয়ও অজানা। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবারের শাহ-সাক্ষাৎ নতুন করে জল্পনা তৈরি করছে।

About Post Author