Home » এক ঘুষিতে কুপোকাত! বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল দেশের সোনার মেয়েরা

এক ঘুষিতে কুপোকাত! বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল দেশের সোনার মেয়েরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ মার্চ: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ সোনা জয় ভারতের। এবছর রাজধানী দিল্লিতে বসেছে বক্সিংয়ের মেগা আসর। শনি রবিবারের পর সোমবারও অব্যহত ভারতীয় বক্সারদের দাপট। চলতি টুর্নামেন্টের চতুর্থ সোনাটি জিতে নিলেন লভলিনা বড়গোহাঁই। ৭৫ কেজির বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে হারান টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী।  এর আগে, রবিবার ৫০ কিলোগ্রাম বিভাগের ফাইনালে ভিয়েতনামের নগুয়ান থি ট্যামকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় বক্সার নিখাত জারিন। খেলার ফল ৫-০। এনিয়ে পরপর দুই বছর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের নিখাত। মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই টুর্নামেন্টে দ্বিতীয় সোনা জেতার নজির গড়লেন ২৬ বছরের ভারতীয় বক্সার।

সেমিফাইনালে কলম্বিয়ান প্রতিপক্ষ নিখাতের বিরুদ্ধে কোনরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ওই ম্যাচেই আরও একটি পদক জয় নিশ্চিত করে ফেলেছিল ভারত। টুর্নামেন্টে নিখাত যে ফর্মে ছিলেন তাতে পদকের রং যে সোনালিই হবে সেবিষয়ে খুব বেশি সন্দেহের অবকাশ ছিল না। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে প্রত্যাশামতই দাপটের সঙ্গেই ভিয়েতনামের প্রতিপক্ষকে কুপোকাত করলেন নিখাত। তাঁর আপার কাট, লোয়ার কাট, জ্যাব, হুকম্যাচ সামলাতে হিমসিম খেতে হয় প্রতিপক্ষ বক্সারকে। তৃতীয় রাউন্ডে নিখাতের শক্তিশালী পাঞ্চে কুপোকাত হন ভিয়েতনামের প্রতিপক্ষ। আর নিশ্চিত হয়ে যায় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিখাতের দ্বিতীয় সোনা জয়।

শনিবার দুটি সোনা আসে ভারতের ঝুলিতে। ৪৮ কেজি বিভাগে নীতু ঘাংহাস ও ৮১ কেজি বিভাগে সুইটি বোরা সোনা জিতিয়েছিলেন ভারতকে। ফাইনালে মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেটসেগকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন নীতু। আর চীনের ওয়াং লিনাকে ৫-৩ ব্যবধানে হারান সুইটি। এবার নিখাতের সৌজন্যে টুর্নামেন্টের তৃতীয় সোনাটি ঘরে তুলল ভারত।

প্রসঙ্গত, গত দুই দশকে এই টুর্নামেন্টে ভারতীয় মহিলা বক্সারদের দাপট অব্যহত। ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ এবং ২০১৮ সালে এই টুর্নামেন্টে ভারতের হয়ে সোনা জিতেছিলেন মেরি কম। ২০০৬ সালে এই টুর্নামেন্টে স্বর্ণ পদক জেতেন ভারতের সরিতা দেবী, লেখা কেসি ও জেনি আরএল। এবারও ভারতের মহিলা বক্সারদের পারফরমেন্সে উচ্ছসিত দেশের বক্সিং মহল।

About Post Author