Home » পাভার্ডের দুরন্ত গোল, মেগনানের অবিশ্বাস্য সেভ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

পাভার্ডের দুরন্ত গোল, মেগনানের অবিশ্বাস্য সেভ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ মার্চ: জমে উঠেছে ইউরো কাপের যোগ্যতা পর্বের খেলা। সোমবার ভারতীয় সময় মধ্যরাতে গ্রুপ বি-র ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় ফ্রান্স। প্রথম ম্যাচে ডাচদের ৪-০ গোলে পর্যদুস্ত করে অনেকটাই খোলা মনে এদিন ডাবলিনের আভিভা স্টেডিয়ামে নামে ফরাসি ব্রিগেড। অপরদিকে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ইউরোর যোগ্যতা পর্বের সূচনা করে আইরিশরা। খাতায় কলমে দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশেষ সুবিধে করতে পারলনা কাতার বিশ্বকাপের রানার্স আপরা।

আরও পড়ুন    এক ঘুষিতে কুপোকাত! বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে উজ্জ্বল দেশের সোনার মেয়েরা

উল্লেখযোগ্য ভাবে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলে একটিও শট রাখতে পারেনি। শক্তিশালী ফরাসি রক্ষণে দুর্বল আইরিশ রক্ষণ যেরকম বারবার আটকে গিয়েছে। অপরদিকে সংঘবদ্ধ আইরিশ রক্ষণেও বাঁধা পেয়েছে এমবাপে, গ্রিজম্যান, কোলো মুয়ানি সমৃদ্ধ বিশ্বের অন্যতম শক্তিশালী ফরাসি আক্রমনভাগ।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে বিপক্ষ রক্ষণের ভুলে বল পেয়ে যান ফ্রান্সের রাইট ব্যাক পাভার্ড। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে পরাস্ত করেন আইরিশ গোলরক্ষককে। ২০১৮ ফুটবল বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে এরকম একটি গোল করেছিলেন এই ফরাসি রাইট ব্যাক। তবে এদিনের ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে বেশ কয়েকবার বিপজ্জনক আক্রমন তৈরি করে আয়ারল্যান্ড।

আরও পড়ুন    মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

তবে, ফরাসিদের বিরুদ্ধে গোলমুখ খোলায় তাদের প্রধান বাঁধা হয়ে দাঁড়ান ফরাসি গোলরক্ষক মাইক মেগনান। ম্যাচের ৯০ মিনিটে কর্নার থেকে আইরিশ ফুটবলার কলিন্সের হেড ফ্রান্সের পোস্টে ঢুকে যেত, যদি গোলকিপার মাইক মেগনান ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য সেভ না করতেন। এই জয়ের ফলে টানা দু ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে এমবাপেরা। প্রথম ম্যাচেই হেরে চারে আয়ারল্যান্ড।

About Post Author