Home » মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

মহিলা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ মার্চ:

মহিলা প্রিমিয়ার লিগে (WPL) চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। টানটান উত্তেজনার মধ্যে মহিলা প্রিমিয়ার লিগে প্রথম সংস্করণে বাজিমাৎ  মুম্বইয়ের । দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে খেতাব জিতলেন হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স । এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৩১ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

 

আরও পড়ুন :মহিলা আইপিএলের ফাঁকে হোলির মজা, চুটিয়ে রঙ খেললেন রিচা, স্মৃতি-এলিস পেরিরা

মেয়েদের টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। রান আউটটি শেষ পর্যন্ত হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচটি জিতে যায় অস্ট্রেলিয়া। তীরে এসে তরী ডোবায় ভেঙ্গে পড়েন ভারত অধিনায়ক। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে খেতাব ঘরে তোলেন মেগ ল্যানিংরা। সেই ম্যাচের স্মৃতি এখনও টাটকা ক্রিকেট প্রেমীদের মনে। তবে ঘটনাক্রমে সেই ম্যাচের কয়েক মাস পরে ফের সম্মুখ সমরে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের দুই অধিনায়ক। যদিও এবার দেশের হয়ে নয়। ভারতে শুরু হাওয়া মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের ফাইনালে। এদিন মহারাষ্ট্রের সিসিআই ব্রেবর্ণ স্টেডিয়ামে হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয় ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালের। টসে জিতে ব্যাটিং করারই সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ল্যানিং। তবে দিনের শুরুটা ভাল হয়নি দিল্লির। ইসি ওয়ং- এর আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দিল্লির টপ অর্ডার। অধিনায়ক ল্যানিংয় কিছুটা চেষ্টা করলেও যোগ্য সঙ্গীর অভাবে মাত্র ৩৯ রানেই থামতে হয়। ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দিল্লি ক্যাপিটালসকে কিছুটা লড়াইয়ে ফেরালেন শিখা পাণ্ডে এবং রাধা যাদব। তাঁদের লড়াকু ৫২ রানের জুটি নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে পৌঁছে দেয় দিল্লিকে। ইসি ওয়ং এবং হিলি ম্যাথুজ তিনটি করে উইকেট নেন। এই তিন উইকেটের সুবাদে এবারের মহিলা প্রিমিয়ার লিগের বেগুনি টুপিটিও নিশ্চিত করেন ম্যাথুজ। অল্পের জন্য বেগুনি টুপি হাতছাড়া করেন বাংলার সাইকা ইসাক।
কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমে কিছুটা চাপে পড়ে যায় মুম্বই। জাতীয় দলের পর এই লিগেও ব্যর্থতা পিছু ছাড়েনি য়স্তিকা ভাটিয়া। এরপর ন্যাট শিভার ও অধিনায়ক হরমনপ্রীতের ব্যাটে ভর করে দলের প্রাথমিক ধাক্কা কাটিয়ে নেয় মুম্বই। তাঁরা ৭২ রানের জুটি গড়েন। ৫৫ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন শিভার। সঙ্গে কৌরের ৩৯ বলে ৩৭ রানের যোগ্য সঙ্গত মুম্বইকে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। কৌর ৩৭ রানে আউট হলে বাকি কাজটি সম্পন্ন করেন অ্যামেলিয়া কের। ৩ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। এদিন ম্যাচের সেরা নির্বাচিত হন ন্যাট শিভার ব্রান্ট। আর টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন হেলি ম্যাথুজ।
আইপিএলের পুরুষদের সংস্করণে সব থেকে বেশি বার ট্রফি ঘরে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার মহিলাদের প্রিমিয়ার লিগে পুরুষদের সংস্করণেও বাজি মারল সেই মুম্বই।

আরও পড়ুন :ইস্টবেঙ্গল কোন পথে চলছে?

About Post Author