Home » এবার আইএসএল জয়ী সবুজ মেরুন সুপারস্টার লাল হলুদের পথে?

এবার আইএসএল জয়ী সবুজ মেরুন সুপারস্টার লাল হলুদের পথে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ এপ্রিল:  আগামী মরশুমে লাল হলুদের হট সিটে বসতে চলেছেন সের্জিও লোবেরা। ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। তবে শুধু কোচ পরিবর্তন করেই সীমাবদ্ধ থাকতে চায় না ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব। মরশুম শেষের আগেই ক্লাব কর্তারা নেমে পড়েছেন আগামী মরশুমের দল গঠনের কাজে।

বহু দিন ক্লাব তাঁবুতে দেখা নেই ট্রফির। যেই ক্লাবের ট্রফি রুমে ভারতের প্রায় সব বড় ট্রফি তো বটেই, সজ্জিত রয়েছে অনেক আন্তর্জাতিক ট্রফিও, সেই  ট্রফি রুমে শেষ কয়েক বছর শুধুই একরাশ শূন্যতা। এই পরিস্থিতিতে ক্লাবের খোলনলচে বদলে ফেলতে বদ্ধপরিকর কর্তারা। কোচ বাছাইয়ের পর এবার লাল হলুদের নজরে দেশী বিদেশি এক ঝাঁক তারকা ফুটবলার। প্রতিবছর দল গঠনে বেশ বিড়ম্বনায় পড়তে হয় লাল হলুদ কর্মকর্তাদের। কারণ ক্লাব কর্তারা যখন দলগঠনে নামেন, তখন দেশের প্রথম সারির ফুটবলাররা অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যান। ফলে ইস্টবেঙ্গলকে ভরসা করতে হয় দ্বিতীয় সারির দেশী ফুটবলারদের উপর। তাই এবার সতর্ক ক্লাব কর্তারা মরশুমের শুরুর অনেকটা আগে থেকে দল গঠনের জন্য ঝাঁপিয়েন। আর দল গঠনের ক্ষেত্রে এবার কোচের সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছেন ক্লাব কর্তারা।

এরই মধ্যে ইস্টবেঙ্গল কথাবার্তা অনেকটা এগিয়ে রেখেছেন মুম্বই সিটি এফসির তারকা ফুটবলার মন্দার রাও দেশাইয়ের সঙ্গে। লোবেরার অধীনে এফসি গোয়ায় খেলেছেন মন্দার। এবার এই কার্যকরী উইংব্যাককে দলে নিতে মরিয়া লাল হলুদ। পাশাপাশি ইস্টবেঙ্গলের রেডারে রয়েছেন মুম্বই সিটি এফসির ভিগনেশ দক্ষিণামূর্তি ও সঞ্জীব স্ট্যালিন। এই দুই দক্ষিণী ফুটবলার ম্যাচে সুযোগ না পেয়ে ক্লাব ছাড়তে চাইছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন  হুগো বুমোস কি এবার ইস্টবেঙ্গলে?

চমকের এখনও  বাকি, ময়দানের কানাঘুষো। এবার নাকি চির প্রতিদ্বন্দ্বী এবারের আইএসএল জয়ী এটিকে মোহনবাগানের নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বুমোকে পেতে ঝাঁপাল লাল হলুদ। এবছর সবুজ মেরুনের আইএসএল জয়ে বিরাট ভূমিকা রাখলেও কোচ ফেরান্দর সঙ্গে বুমোর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে পড়শি ক্লাব ইস্টবেঙ্গল। প্রসঙ্গত, লোবেরার হাত ধরেই ভারতে খেলতে আসেন এই ফরাসি মিডফিল্ডার। মুম্বইয়ের আহমেদ জাহুও ভারতীয় ফুটবলে পা রাখেন লোবেরার হাত ধরেই। এখন ময়দান সূত্রে শোনা যাচ্ছে লোবেরা লাল হলুদ হট সিটে বসলে আগামীদিনে বুমো ও জাহুও পা বাড়াতে পারেন শতাব্দী প্রাচীন ক্লাবের দিকে।

About Post Author