Home » অ্যানফিল্ডে জয় অধরা! লিভারপুলের বিরুদ্ধে ড্র আর্সেনালের

অ্যানফিল্ডে জয় অধরা! লিভারপুলের বিরুদ্ধে ড্র আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ এপ্রিল: অ্যানফিল্ডে জয় অধরাই রইল আর্সেনালের। রবিবার প্রিমিয়ার লিগের গুরুত্বপুর্ণ ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করল মাইকেল আর্তেতার ছেলেরা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় আর্সেনাল। গোল করেন মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল জেসুস। লিভারপুলের হয়ে গোল দুটি শোধ করেন মহম্মদ সালাহ ও ফির্মিনহো।

ম্যাচ শুরুর ৮ মিনিটের মাথায় গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। গোলের জন্য পাসটি বাড়িয়েছিলেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ২৮ মিনিটের মাথায় ফের আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এবার মার্টিনেল্লির পাস থেকে গোল করেন জেসুস। দুই গোল হজম করেও দমে যায়নি য়ুর্গেন ক্লপের ছেলেরা। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে একটি গোল শোধ করেন লিভারপুলের উইঙ্গার সালাহ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্সেনালের রক্ষণে হানা দেন গাকপো, সালাহ, ফির্মিনহোরা। এর ফলও মেলে। ৫২ মিনিটে আর্সেনাল বক্সে ফাউল করায় পেনাল্টি পায় লিভারপুল।তবে পেনলটি থেকে গোল করতে পারেননি সালাহ। ম্যাচের নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ম্যাচে সমতা ফেরান লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফির্মিনহো। এদিন গোলের সংখ্যা বাড়াতে পারত লিভারপুল। ম্যাচের আগাগোড়া প্রাধান্য ছিল ক্লপ বাহিনীর দখলে। আর এই ম্যাচে ড্র হলেও লিগ তালিকায় শীর্ষেই রইল গানার্সরা। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৩। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেপ গুয়ারদিওলার ম্যাঞ্চেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকার যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে নিউক্যাসেল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড।

About Post Author