সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১২ এপ্রিল: চলতি সপ্তাহে আইপিএলে রাতের ম্যাচে যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে শেষ বলেই নিস্পত্তি হতে হবে। তিনদিন ধরেই এমনটা চলছে। পরে যারা ব্যাটিং করছে তারা অবিশ্বাস্য ভাবে বাজিমাত করছে। মঙ্গলবারও তাই হল। শেষ বলে দু রান নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এদিন দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দু পয়েন্ট ঘরে তুলে নিল। শেষ ওভারে ক্যাচ মিস, ঠিক থ্রো না হওয়া প্রভৃতির জন্য তীরে এসে তরী ডুবল দিল্লির। খেলার ভাগ্য ওঠানামা করেছে সারাক্ষন। তবুও উনিশতম ওভারে মুস্তাফিজুরের বলে সদ্য ক্রিজে আসা টিম ডেভিড ও ক্যামেরুন গ্রীন দুটি বলের ব্যবধানে দুটি ছয় মারার আগে পর্যন্ত ম্যাচ যেন একটু হলেও ঢলে পড়েছিল দিল্লির দিকে।

ছয় দুটির পরে শেষ ওভারে অবশ্যই মনে হচ্ছিল পাঁচ রান হয়ে যেতে পারে,অনায়াসে জিততে পারে মুম্বাই। কিন্তু আবার পট পরিবর্তন হয় ডেথ ওভারে অনরিখ নোকিয়ার হাত ধরে। আশ্চর্যভাবে ম্যাচের রঙ বদলায়। এসময় মুকেশ কুমার ক্যাচ ড্রপ না করলে এবং বোলিং এন্ডে ঠিকভাবে বল ধরে নোকিয়া রান আউট করতে পারলে কী হত বলা মুশকিল। শেষ বলে যেভাবে গ্রিন ও ডেভিড দৌড়ে ২ রান নিয়ে নেন, তা হয়তো বিস্মিত করতে পারে দৌড়বাজ উসেইন বোল্টকেও। শেষ বলটিতে থ্রো ঠিক হলে এই ম্যাচ অবশ্যই সুপার ওভারে পৌঁছায়। তবুও এ ম্যাচে মুম্বাই দলের ব্যাটার দের মধ্যে সর্বোচ্চ রানাধিকারী রোহিত শর্মার ৬৫ রানের পাশাপাশি আবার নজর কাড়লেন তিলক ভার্মা।

মুকেশ কুমারের বলে আউট হওয়ার আগে ২৯ বলে ৪১ রান করে যান তিনি। তাঁর পতনের পরে এসেই শূন্য রানে ফেরেন সূর্য কুমার যাদব। সময়টা সূর্যের মোটেই ভালো যাচ্ছে না। ব্যাটে যেমন খাবি খাচ্ছেন, তেমনই ফিল্ডিং করতে নেমে ক্যাচ ফস্কাচ্ছেন আবার ক্যাচ ধরতে গিয়ে চোটও পাচ্ছেন।এরপরেই অভিষেক পোড়েলের অবিশ্বাস্য ক্যাচে রোহিত শর্মা ফিরতেই ম্যাচ জমে যায়। উল্লেখ্য, মুম্বাই এদিন টসে জিতে ব্যাট করতে পাঠায় দিল্লিকে। দিল্লির স্কোরবোর্ডে ৯৮ রান উঠতেই পাঁচটি উইকেট পড়ে যায়।

আরও পড়ুন আইপিএলে আজ মুখোমুখি চেন্নাই ও রাজস্থান
ডেভিড ওয়ার্নার একদিক ধরে রাখলেও স্কোরবোর্ড খুব একটা সচল করতে পারেননি। এসময় অক্ষর প্যাটেল এসে ২৫ বলে ৫৪ রান করে দিল্লিকে অনেকটা স্বস্তিজনক জায়গায় নিয়ে যান। কিন্তু তিনি ফিরতেই ওয়ার্নার ও টেল এন্ডাররা একের পর এক দ্রুত ফিরে যাওয়ায় ১৯.৪ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে যায় দিল্লি। মুম্বাই ইনিংসে মাঝের দিকে অক্ষর প্যাটেলের আটোসাটো বোলিং সত্ত্বেও মুম্বাইয়ের হয়ে যেভাবে ইনিংসের গোড়াপত্তন করেন রোহিত ও ঈশান কিষান,তাতে প্রথম ১৫ ওভারে একবারও মনে হয় নি দিল্লি ম্যাচে ফিরতে পারে। তবুও মঙ্গলবারের আইপিএলের ম্যাচ প্রমাণ করল মহান অনিশ্চয়তার খেলা-ই হল ক্রিকেট।।


More Stories
মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে
ভারতকে প্রশংসায় ভরালেন ব্রাজিল কোচ
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?