Home » ৪০ ডিগ্রির ঘরে পারদ, জারি তাপপ্রবাহের সতর্কতা!

৪০ ডিগ্রির ঘরে পারদ, জারি তাপপ্রবাহের সতর্কতা!

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল: ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আগামী দু-দিনের মধ্যে গরম আরও বাড়বে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। বৃহস্পতিবারই একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল।

আরও পড়ুন    অভিষেককেও জেরা করতে পারবে ইডি-সিবিআই

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আজ সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৬ থেকে ৭৫ শতাংশ।

পূর্বাভাস বলছে, ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। ওড়িশাতে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার ঘূর্ণাবর্ত রয়েছে অসম, রাজস্থান সহ হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। রবিবারের মধ্যে ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও বাড়বে গরম। তবে, দুই দিনাজপুর ও মালদায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। এদিকে,উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা।

About Post Author