স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ এপ্রিল: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা। ইডেনের গত ম্যাচে শক্তিশালী আরসিবিকে হারিয়ে চাঙ্গা নাইট শিবির। বৃহস্পতিবার প্র্যাকটিসে ফুরফুরে মেজাজে পাওয়া গেল নীতীশ রানা, আন্দ্রে রাসেলদের। ম্যাচকে কেন্দ্র করে চড়ছে উন্মাদনার পারদ। গরমকে উপেক্ষা করে আজ ইডেনমুখী বাংলার আপামোড় ক্রিকেটপ্রেমী জনতা।
আরও পড়ুন সেভিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইউনাইটেডের

আইপিএলের শুরুটা আশাপ্রদ হয়নি দুই দলের কাছে। প্রথম ম্যাচে হেরে বেশ বিপাকে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে পরের দুটি ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে নাইট শিবির। ঘরের মাঠে আরসিবিকে হারানোর পর আহমেদাবাদে গত বারের চ্যাম্পিয়ন গুজরাটকেও হারিয়েছেন নীতিশ রানারা। শেষ ওভারে পাঁচটি ছয় মেরে জয়ের নায়ক ছিলেন রিঙ্কু সিং। এদিনও ঘরের মাঠে রিঙ্কুর আগ্রাসী ব্যাটিং দেখার অপেক্ষায় নাইট সমর্থকরা। অপরদিকে দলের দুই বিদেশী জেসন রয় ও লিটন দাস কেকেআর শিবিরে যোগ দেওয়ায় দলের গভীরতা বেড়েছে। তবে ম্যাচ শুরুর আগে অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে গ্রাস না করে সেবিষয়ে সতর্ক নাইট শিবির।

অপরদিকে প্রথম দুটি ম্যাচ হারলেও, গত ম্যাচ জিতে ঘুরে দাড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই দলেও বিদেশী ক্রিকেটারেরা যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হয়েছে। এদিন ম্যাচে নাইটদের শক্তিশালী ব্যাটিং অর্ডার ভাঙার দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ভুবনেশ্বর ও তরুণ পেস আইকন উমরান মালিক। তবে ইডেনের পিচ স্পিন সহায়ক হলে অভিজ্ঞ স্পিনার অভাবে ভুগতে হতে পারে মার্করামের ছেলেদের। তাই এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত