স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ এপ্রিল: মোহালিতে অধিনায়ক বিরাটের প্রত্যাবর্তন। মোহালিতে আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় আরসিবি ও পঞ্জাব কিংস। সেই ম্যাচে প্রায় ৫৫৬ দিন পর অধিনায়কের ভূমিকায় দেখা গেল বিরাট কোহলিকে। এদিন অধিনায়ক ফাফ ডু প্লেসি দলে ছিলেন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক স্যাম কুরান। তবে শুরুটা দুরন্ত করে ব্যাঙ্গালোর। মূলত বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে আরসিবি। কোহলি করেন ৪৭ বলে ৫৯ রান।

কোহলির ইনিংসে সাজানো ছিল ৫ টি চার ও একটি ছয়। এদিন আইপিএলে সর্বোচ্চ চার মারার মাইলফলকও স্পর্শ করলেন বিরাট। একের পর এক চেনা চোখ ধাঁধানো শটে বিপক্ষের বোলারদের শাসন করলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। বিরাটকে এদিন যোগ্য সঙ্গত দিলেন ডু প্লেসি। প্রোটিয়া ব্যাটার করেন ৫৬ বলে ৮৪ রান। ওপেনিংয়ে শতরান স্কোরবোর্ডে যুক্ত করে এই জুটি। প্রথম উইকেট হারানোর পর পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পরে যায় আরসিবি। ব্যাঙ্গালোরের হয়ে এদিন ব্যাট হাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, লোমররা। রানের খাতা না খুলেই ডাগ আউটে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল।

রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয় পঞ্জাবকে। সিরাজ, পার্নেল, হাসরঙ্গার দাপুটে বোলিংয়ে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে পঞ্জাবের ব্যাটিং অর্ডার। মাত্র ৪৩ রানের মধ্যে ডাগ আউটে ফেরেন পঞ্জাবের টপ অর্ডারের প্রথম চার ব্যাটার। পঞ্জাবের হয়ে কিছুটা লড়াই দিয়েছিলেন প্রভসিমরান সিং ও জিতেশ শর্মা।
আরও পড়ুন রাজধানীতে হারের হ্যাটট্রিক কেকেআরের পাঁচ ম্যাচ পর আইপিএলে জয় সৌরভের দিল্লির

তবে সেই লড়াই ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ১৮.২ ওভারে ১৫০ রানে অলআউট হয় পঞ্জাব। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিলেন ব্যাঙ্গালোরের পেসার মহম্মদ সিরাজ। ২টি উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গা। একটি করে উইকেট নেন ওয়েন পার্নেল ও হার্শল প্যাটেল। এই জয়ের ফলে লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এলেন বিরাটরা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে