স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ এপ্রিল: ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে অতীত রেকর্ড ধরে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলায় ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করেছিল সেভিয়া। ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। এরপর অনেক ফুটবল বিশেষজ্ঞই কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলায় ম্যানচেস্টারের শতাব্দী প্রাচীন ক্লাবটিকে এগিয়ে রেখেছিলেন। কারণ, চলতি মরশুমে ঘরোয়া লিগে খুব বেশি সুবিধে করতে পারছে না সেভিয়া। ২৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ত্রয়োদশ স্থানে রয়েছে জোস মেন্দিলিবারের দল। কিন্তু ঘরের মাঠ রামোন সানচেজ পিজহুয়ান স্টেডিয়ামে এদিন জ্বলে উঠল ৬ বারের ইউরোপা লিগ জয়ীরা।
আরও পড়ুন রাজধানীতে হারের হ্যাটট্রিক কেকেআরের পাঁচ ম্যাচ পর আইপিএলে জয় সৌরভের দিল্লির

যদিও সেই সুযোগটি করে দিয়েছিলেন ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড দে হেয়া ও ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের। সেভিয়ার তিনটি গোলের ক্ষেত্রেই এই জুটির অবদান ছিল। ম্যাচের ৮ মিনিটেই নিজেদের বক্সের সামনে বিপজ্জনকভাবে বল তুলে দেন সেভিয়ার ফরোয়ার্ডের পায়ে। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মরক্কোর ফরওয়ার্ড ইউসেফ এন-নেসিরি।

ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে সেভিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের ইউনাইটেড গোলরক্ষকের ভুলে ব্যবধান বাড়ায় সেভিয়া। গোল করেন লোইচ বাদে। ম্যাচের ৮১ মিনিটে ফের ইউনাইটেড গোলরক্ষকের ভুলে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই এন নেসিরি। এদিন ইউনাইটেড মাঝমাঝে ব্রুনো ফার্নান্দেজের অভাব টের পাওয়া গেল। ম্যাচ শেষে দলের ফুটবলারদের খেলায় বিরক্তি প্রকাশ করেন ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ।
আরও পড়ুন পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরল বিরাটের আরসিবি

এবার নিয়ে টানা ৬ মরশুম স্প্যানিশ ক্লাবের কাছে হেরে ইউরোপা লিগ থেকে ছিটকে গেল ইউনাইটেড। গত ৬ মরশুমে সেভিয়ার কাছেই হারতে হয়েছে মোট ৩ বার! সেভিয়ার পাশাপাশি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইতালির রোমা, জুভেন্টাস ও জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেন। প্রথম লেগে ১–০ গোলে পিছিয়ে পড়লেও ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে জোসে মরিনহোর প্রশিক্ষণাধীন রোমা। ফিরতি লেগে ডাচ ক্লাব ফেয়েনুর্দকে তারা হারিয়েছে ৪–১ ব্যবধানে। একই ব্যবধানে জার্মান ক্লাব লেভারকুসেন হারিয়েছে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট গিলইসেকে। আর স্পোর্তিং লিসবনের মাঠে ১–১ এ ড্র করলেও দুই লেগ মিলিয়ে ২–১ এগিয়ে থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে জুভেন্টাস।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার