Home » কার্লেস কুয়াদ্রাত কি ইস্টবেঙ্গলের সুদিন ফেরাবেন?

কার্লেস কুয়াদ্রাত কি ইস্টবেঙ্গলের সুদিন ফেরাবেন?

সময় কলকাতা ডেস্ক,২৬ এপ্রিল: ইস্টবেঙ্গলের নতুন কোচ নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে নতুন কোচের নাম ঘোষণা হওয়ার পরে সমর্থকরা আশায় বুক বাঁধছেন। কারণ নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত যে ভারতের মাটিতে অসম্ভব সফল। বেঙ্গালুরু এফ সি তাঁর কোচিং জামানায় সাফল্যের চূড়ান্ত শিখর ছুঁয়েছিল। ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত কে নিয়ে তাই স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর এফসি-র প্রাক্তন কোচের সঙ্গে দু বছরের চুক্তি সেরে ফেলেছে ইস্টবেঙ্গল।

কনস্ট্যান্টাইনের জায়গায় যে এই স্প্যানিশকেই আনা হবে, তা লোবেরা হাতছাড়া হতেই মোটামুটি নিশ্চত হয়ে গিয়েছিল। এবার ইমামি ইস্টবেঙ্গলের ইনভেস্টারদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কোচের নাম। ঝকঝকে কোচিং ক্যারিয়ার কুয়াদ্রাতের। ব্যাঙ্গালুরু এফসির হয়ে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কোচ ছিলেন তিনি।১৭ টি টানা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এবং ১১ টি ম্যাচ টানা জেতার রেকর্ড ও তার।২০১৬-১৮’য় রোকা-কুয়াদ্রাত জুটিতে ফেডারেশন কাপ এবং সুপার কাপের উদ্বোধনী সংস্করণ জিতে নিয়েছিল বেঙ্গালুরু।এএফসি কাপের ফাইনালে প্ৰথম কোনও ভারতীয় দল হিসেবে পৌঁছনোর কীর্তিও অর্জন করে বেঙ্গালুরু।২০১৮-য় রোকার বিদায়ের পর কুয়াদ্রাত দলের হাল ধরেন। আলবার্তো রোকার কোচিং দর্শনেই এগিয়ে নিয়ে যান বেঙ্গালুরু এফসিকে।

আরও পড়ুন   আর্সেনালের আজ অগ্নিপরীক্ষা

সেই সিজনেই আইএসএল খেতাব জয়ী কোচ হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে উঠে যান কুয়াদ্রাত। আইএসএল ইতিহাসে প্ৰথমবার এবং একমাত্র কোনও দল হিসাবে সেবার-ই কুয়াদ্রাতের বেঙ্গালুরু লিগ তালিকার শীর্ষ থাকা এবং চ্যাম্পিয়ন হওয়ার জোড়া নজির স্থাপন করে। এবার সাম্প্রতিক অতীতের দিনগুলিতে পরাজয়ের রেকর্ড গড়া ইস্টবেঙ্গলে ভাগ্য কি কোচের হাত ধরে পাল্টাবে, সময়ই বলবে সে কথা।তবে কী বলছে ক্লাব কর্তৃপক্ষ। কী বলছেন স্বয়ং কোচ?কুয়াদ্রাতের নিয়োগের পর ইমামি কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেছেন, “কুয়াদ্রাতকে পেয়ে আমরা আনন্দিত। ভারতীয় ফুটবলে ট্র্যাক রেকর্ড এবং ওঁর অগাধ অভিজ্ঞতা আমাদের শক্তিশালী দল গড়ে নতুন উচ্চতায় পৌঁছতে সাহায্য করবে।”

কুয়াদ্রাত বলেছেন, “আগামী দু-বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে দারুণ লাগছে। ইস্টবেঙ্গল ইতিহাস সমৃদ্ধ ক্লাব। ভারতীয় ফুটবলে প্রচুর ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। ক্লাবের দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ। ভারতে সঙ্গে প্রচুর স্মরণীয় মুহূর্ত রয়েছে। সেই দেশে ফিরতে পেরে ভাল লাগছে। অগণিত সমর্থকদের জন্য খুশির মুহূর্ত তৈরি করার জন্য নিজের সেরাটা দেব।” সেরা হওয়ার স্বপ্ন দেখতে ভুলতে বসা ইস্টবেঙ্গল এখন এই মরশুমের খেলোয়াড় চয়নে কীভাবে এগোয় সেটাই প্রথম দেখার। তারপরে সাফল্যের কথা। কারণ ইস্টবেঙ্গল গত তিনটি মরশুম ধরে আইএসএল শুরু হওয়ার আগেই পিছিয়ে পড়েছে ভালো ফুটবলার আনতে না পারায়। গত মরশুমেও ক্লেটন সিলভা এবং নাওরেম মহেশ সিং ছাড়া কেউ দাগ কাটতে পারেন নি। কুয়াদ্রাত কোচ নির্বাচিত হওয়ার পরে ইস্টবেঙ্গলের দল গঠন কোন দিকে এগোয় সেটাই এখন দেখার।

About Post Author