Home » আইপিএলে নতুন ইতিহাস, দুই দলের নেতৃত্বে দাদা ভাই জুটি

আইপিএলে নতুন ইতিহাস, দুই দলের নেতৃত্বে দাদা ভাই জুটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ মে: চলতি আইপিএলে এমন অনেক ঘটনাই ঘটেছে, যা আইপিএলের ইতিহাসে প্রথমবার। রবিবার এরকমই এক বিরল মুহূর্তের সাক্ষী থাকল বহুল চর্চিত এই ক্রিকেট লিগ। কারণ আইপিএলের ইতিহাসে এই প্রথমবার বিপক্ষ দুই দলের নেতৃত্বে দেখা গেল দাদা-ভাই জুটিকে।ষোড়শ আইপিএলের ৫১ তম ম্যাচে আহেমেদাবাদের স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের। তবে কেএল রাহুল চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়, এদিন লখনউকে নেতৃত্ব দেন ক্রুণাল পান্ডিয়া। যিনি আবার সম্পর্কে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সহোদর। ফলে এই প্রথমবার দাদা ভাই জুটির টসের সাক্ষী থাকল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

টসের সময় কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন দুজনেই। টসের পর হার্দিক বলেন, “এটি পরিবারের জন্য একটি বড় আবেগপূর্ণ দিন। বাবা আজকে থাকলে অবশ্যই গর্বিত হতেন। আমাদের পরিবারে এই প্রথম কিছু ঘটছে। তাঁরা এটা ভেবে গর্বিত যে দিনের শেষে একজন পান্ডিয়া অবশ্যই জিতবে।” ভাইকে টসে পরাজিত করে দাদা পান্ডিয়া বললেন, ” “এই দিনটি আমাদের জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার দিন। কারণ আমরা নিজেদের দলকে নেতৃত্ব দিতে পারছি। কিন্তু মাঠে নেমে আমরা একে অন্যের প্রতিদ্বন্ধিতা করব।” হার্দিক ও ক্রুণাল দুজনেই আইপিএলে নিজেদের যাত্রা শুরু করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। খুব কম সময়ের মধ্যেই অল-রাউন্ডার হার্দিক ও স্পিন বোলার ক্রুণাল মুম্বই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। আম্বানি পরিবারের সাধের ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের একাধিক খেতাব জয়ের সাক্ষী থেকেছেন বরোদার পান্ডিয়া পরিবারের এই দুই সদস্য।

যদিও মুম্বইয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলতে হয়েছিল এই জুটিকে। তবে গত বছর থেকে দুই ভাইয়ের আইপিএলে ভাগ্যের চাকা ঘুরতে থাকে। আইপিএলে গত বছর থেকে গুজরাট ও লখনউয়ের দুটি দল যুক্ত হয়। আর গত বছরই প্রত্যেক দল ৪ জন করে ক্রিকেটারকে দলে রেখে বাকিদের পুনরায় নিলামের জন্য মুক্ত করে দেয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় ১৫ কোটি টাকা খরচ করে হার্দিককে কিনে নেয় গুজরাটের ফ্র্যাঞ্চাইজিটি। অপরদিকে, প্রায় ৮.৫ কোটি টাকা খরচ করে ক্রুণালকে দলে নেয় আইপিএলে নবাগত লখনউয়ের ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন   চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’ যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি

গত মরশুমে হার্দিকের নেতৃত্বেই মাঠে নামে গুজরাট। শুধু তাই নয় প্রথম আইপিএল মরশুমে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকেও দিয়েছিল তাঁরা। হার্দিকের দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দৃষ্টি আকর্ষণ করে ক্রিকেট মহলের। এরপর জাতীয় টি ২০ দলের নেতা হিসেবে হার্দিককেই সুযোগ নেন নির্বাচকরা।যদিও অধিনায়কত্বের গৌরব অর্জন করতে কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হল ক্রুণালকে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন লখনউয়ের স্থায়ী অধিনায়ক কে এল রাহুল। তারপরই চলতি মরশুমের বাকি সময়ের জন্য ক্রুণালের কাঁধে দলের দায়িত্বভার তুলে দেয় লখনউ ম্যানেজমেন্ট। ৪ ঠা মে চেন্নাইয়ের বিরুদ্ধেই লখনউয়ের অধিনায়ক পদে অভিষিক্ত হন ক্রুণাল। যদিও ধোনিদের বিরুদ্ধে সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল।

About Post Author