Home » হায়দরাবাদকে হারিয়ে আইপিএল প্লে-অফে গুজরাট

হায়দরাবাদকে হারিয়ে আইপিএল প্লে-অফে গুজরাট

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ মে: শুভমন গিলের অনবদ্য শতরানে ভর করে হায়দরাবাদকে হারাল গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে হার্দিক বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। ৩৪ রানে ম্যাচ জিতে চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের ছাড়পত্র পেল গুজরাট। আইপিএলের শীর্ষে থাকা গুজরাটের কাছে ছিল প্লে অফে ওঠার লড়াই। যদিও ম্যাচ হারলেও শেষ চারে যাওয়ার লড়াইয়ে প্রবলভাবে থাকতেন হার্দিকরা। অপরদিকে লিগ তালিকার নবম স্থানে থাকা সানরাইজার্সের কাছে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। কারণ, এই আইপিএলে প্লে অফের আশা শেষ আইডেন মার্করামদের কাছে। এই পরিস্থিতে ম্যাচটি যে আইপিএলের নিরিখে খুব গুরুত্বপূর্ণ এমনটা একদমই নয়।

আহমেদাবাদ স্টেডিয়ামে টসে জিতে হার্দিকদের ব্যাটিং করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক আইডেন মার্করাম। এদিন হায়দরাবাদের বোলিং আক্রমণের সামনে একাই লড়ে গেলেন শুভমন গিল। ১৩ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে খেললেন ৫৮ বলে ১০১ রানের ইনিংস। চলতি আইপিএলে এটি কোনও ব্যাটারের ব্যক্তিগত ষষ্ঠ শতরান। গিলকে সঙ্গে ছিলেন সাই সুদর্শন। তিনি করলেন ৪৭ রান। আর বাকিদের কথা যত কম বলা যায় তত ভালো। একটা সময়ে ২ উইকেটে ১৫৬ রান তোলে গুজরাট। তখন মনে হচ্ছিল গুজরাট ২০০ রানের লক্ষ্য পার করে যাবে।

কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় গুজরাটের ইনিংস খানিকটা শ্লথ হয়ে যায়। গুজরাটের বাকি ব্যাটারদের কেউই দু’অঙ্কের রানই করতে পারেননি। হায়দরাবাদের হয়ে চার ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচ করে ৫ টি উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। সব মিলিয়ে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানে থামতে হয় গুজরাটকে।রান তাড়া করতে নেমে ক্রমাগত উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। সৌজন্যে মহম্মদ শামি ও মোহিত শর্মা। প্রথম ওভারেই আনমোলপ্রীতকে ফেরান শামি। এদিন গুজরাটের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে প্রত্যাবর্তন করেন যশ দয়াল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু সিংয়ের কাছে শেষ পাঁচ বলে পাঁচটি ছয় হজম করতে হয়েছিল যশকে। তারপর থেকে আর প্রথম দলে সুযোগ মেলেনি।

আরও পড়ুন   ইস্টবেঙ্গলের নজরে এবার স্প্যানিশ তারকা!

অনেকদিন পর দলে ফিরে খুব একটা খারাপ খেলেননি তিনি। দ্বিতীয় ওভারে নিলেন অভিষেক শর্মার গুরুত্বপূর্ণ উইকেট। একটা সময় ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পরে যায় হায়দরাবাদ। সেই পরিস্থিতিতে দলকে কিছুটা অক্সিজেন জোগান হেনরিক ক্লাসেন। ৪৪ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন এই প্রোটিয়া ব্যাটার। নাহলে আরও লজ্জার সম্মুখীন হতে হত হায়দরাবাদকে। এছাড়া এসআরএইচের হয়ে আর উল্লেখযোগ্য ইনিংস কেউই খেলতে পারেননি। শেষের দিকে নেমে ২৬ বলে ২৭ রান করেন ভুবনেশ্বর কুমার। কিন্তু সেই লড়াই দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। গুজরাটের হয়ে ৪ টি করে উইকেট নেন মহম্মদ শামি ও মোহিত শর্মা।

About Post Author