Home » ইস্টবেঙ্গলের নজরে এবার স্প্যানিশ তারকা!

ইস্টবেঙ্গলের নজরে এবার স্প্যানিশ তারকা!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ মে: দলবদলের বাজারে এবার শুরু থেকেই সক্রিয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের নতুন কোচ ও ভালো মানের দেশীয় ফুটবলারের পাশাপাশি ক্লাবের নজরে রয়েছে ভালো মানের বিদেশী ফুটবলাররাও। ইতিমধ্যে হায়দরাবাদ এফসির স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিয়োকে অনেকটাই পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। এবার হায়দরাবাদের আর এক তারকা বোরহা হেরেরাকে দলে পেতে ঝাঁপালো লাল হলুদ।

আইএসএলে ধারাবাহিক ব্যর্থতাকে ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। মাঠে ভালো ফুটবল খেলার জন্য যে দরকার একটি ভালো মনের দল, তা লাল হলুদ কর্তাদের অজানা নয়। গত কয়েক মরশুম ক্লাবের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার মধ্যেকার বিভিন্ন বিবাদের জন্য ভালো মানের দল তৈরি করতে পারেনি লাল-হলুদ। ফলে যত মরশুম এগিয়েছে মুখ থুবড়ে পড়তে হয়েছে আইএসএলে দলগুলির সামনে। বাকি দলের বিরুদ্ধে হারার যন্ত্রণার পাশাপাশি গত তিন বছরে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধেও একটিও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। ফলে যত মরশুম এগিয়েছে ক্লাব কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে সমর্থকদের।

এবার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, এই মরশুমে দল গোছানোর কাজে নেমেছেন ক্লাব কর্তারা। ভারতীয় ফুটবলে অভিজ্ঞতাসম্পন্ন একাধিক দেশীয় ও বিদেশী ফুটবলারদের সঙ্গে কথা চালাচ্ছেন। দেশীয় তারকা ফুটবলারদের ক্ষেত্রে ট্র্যান্সফার ফি কিছুটা সমস্যা তৈরি করেছে ক্লাবের কাছে। তাই বিদেশী বাছাইয়ের ক্ষেত্রে সেই অভাব পূরণ করতে চাইছেন ক্লাব কর্তারা। এক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ। এবার ক্লাবের নজরে হায়দরাবাদের তারকা বিদেশী বোরহা হেরেরাকে। লেফট ব্যাক হিসেবে ফুটবল জীবন শুরু করলেও একাধিক পজিশনে খেলতে পারদর্শী এই ফুটবলার। বক্স টু বক্স মিডফিল্ড ও লেফট উইংয়েও দক্ষতার সঙ্গে খেলতে পারেন। গত মরশুমে হায়দরাবাদ কোচ মানোলো মার্কইস তাঁর পুরনো ছাত্রটিকে তিনটি পজিশনেই খেলিয়েছেন। বোরহার বলের উপর দখল ও নিয়ন্ত্রণ থেকে সতীর্থকে পাস বাড়ানোর দক্ষতা ফুটবল বিশেষজ্ঞদের চোখ এড়ায়নি।

আরও পড়ুন    মোহনবাগানে এবার মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ!

গত মরশুমে হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ৩ টি গোল ও ৫ টি অ্যাসিস্ট করেন ৩০ বছরের এই স্প্যানিশ ফুটবলারটি। সূত্রের খবর স্প্যানিশ এই ডিফেন্ডারের সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তাও এগিয়ে গিয়েছে ক্লাবের। গত মরশুমে স্পেনের চতুর্থ ডিভিশনের ক্লাব ইউনিয়ন দেপর্টিভো থেকে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব হায়দরাবাদ এফসিতে সই করেন বোরহা। হায়দরাবাদের কোচ মানোলো মার্কুয়েসই বোরহাকে ভারতে নিয়ে আসেন। ভারতের মাটিতে প্রথম ম্যাচেই নজর কাড়েন এই স্প্যানিশ ফুটবলার। হায়দরাবাদের হয়ে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৭১ মিনিটে পরিবর্ত হিসেবে নেমেই গোল করেছিলেন তিনি। হায়দরাবাদে স্বদেশীয় জাভিয়ের সিভেরিয়ার সঙ্গে জুটি বেঁধে বারবার বিপক্ষের রক্ষণে ত্রাসের সঞ্চার করেছিলেন বোরহা। এই মরশুমে সিভেরিয়াকে ইতিমধ্যে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, এবার কর্তাদের নজরে হায়দরাবাদের আরেক স্প্যানিশ তারকা বোরহাও।

About Post Author