Home » কলকাতা সহ জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

কলকাতা সহ জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ২২ মে: কলকাতা সহ জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তীব্র দাবদাহের মাঝেই নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। আগামী দু’তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত সপ্তাহেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। তবে এখনই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে তাপপ্রবাহ চলবে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও এদিন সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন   রক্তদান উৎসবের আয়োজনে মেরিন ইঞ্জিনিয়ার্সরা

পূর্বাভাস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ মে হালকা বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। এদিকে,উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

About Post Author