সময় কলকাতা ডেস্ক,২২ মে: কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই মামলারই শুনানি ছিল। কিন্তু তারপরও রক্ষাকবচ পেলেন না অভিষেক। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে ওঠে মামলাটি। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলেই সূত্রের খবর। অভিষেকের আইনজীবী মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিক। তাঁকে কেন্দ্রীয় সংস্থাগুলি বারবার ডেকে পাঠাচ্ছে। এমনকী যখন তিনি কলকাতার বাইরে দলীয় কর্মসূচিতে ব্যস্ত তখন নোটিস পাঠানো হচ্ছে।”
আরও পড়ুন এগরার পর বজবজ! বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৩

যদিও সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। যদিও অভিষেকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, “আদালতের নিয়ম মেনে আবেদন করুন। শোনা হবে।” এদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে সিবিআই জিজ্ঞাসাবাদের কথা বলেন। পাশাপাশি আদালতের সময় নষ্টের কথা উল্লেখ করে ২৫ লক্ষ টাকা জরিমানাও করেন। সুপ্রিম কোর্টের মামলায় ২৫ লক্ষ টাকা জরিমানার কথা উল্লেখ নেই। সেটি সংযুক্ত করার কথা বলেই নিয়মাফিক আবেদনের কথা বলা হয় এদিন। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত ,কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে সিবিআই জেরা করতে পারবে অভিষেককে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সুপ্রিম কোর্ট, এই নির্দেশের ওপর প্রথমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়, তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের প্রধান বিচারপতি, অভিষেকের মামলা সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে পাঠান। দীর্ঘ শুনানির পর বিচারপতি সিনহা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেননি। অর্থাৎ ইডি-সিবিআই চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক ও কুন্তলকে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রথমে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক।
আরও পড়ুন এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২

উল্লেখ্য,শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ। ফলে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, বিচারপতি অমৃতা সিনহার তা বহাল রয়েছে। কুন্তল ঘোষ ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতেই পারে সিবিআই-ইডি। শুক্রবার কোর্ট শেষে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় কম। আর ঠিক এই ঘটনার কয়েক ঘন্টা বাদে অভিষেককে নোটিস পাঠায় সিবিআই। শুক্রবার দুপুর ২.৩০ নাগাদ সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন। কেন্দ্রীয় এজেন্সির নোটিস পাওয়ার পরে বাঁকুড়ায় নবজোয়ার যাত্রা বন্ধ করে শুক্রবার রাতেই কলকাতায় ফিরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?