সানি রায়, সময় কলকাতা, ৭ অগাস্ট : তুষার রায় কবেই লিখেছিলেন, “পুলিশ ওরে পুলিশ, কবিকে দেখে টুপিটা তোর খুলিস “। প্রবল জনপ্রিয় হয়েছিল কবিতাটি। তবে পুলিশ শুধু ধমক চমকের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা রক্তমাংসের মানুষ, সাধারণ ঘরের মানুষ। তারা টুপি খোলে, মানুষের যত্নও করে, মানুষকে ভালবাসে। কবিকে দেখে শুধু নয়, অসহায়, ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীনদের জন্যও তারা বাড়িয়ে দেয় ভালোবাসার হাত, সাহায্যের হাত। মানসিকভাবে বিপন্ন যে মানুষগুলির সেবা সরকারি উদ্যোগে পরিচালিত শেল্টার হোম, মানসিক হাসপাতাল এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে হওয়ার কথা, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার কথা সরকারী উদ্যোগ বেশিরভাগ সময় নিতে দেখা যায় পুলিশকেই। মাথায় রাখা দরকার প্রশাসনের অংশ হলেও, পুলিশ ছাড়া প্রশাসনের অন্য কেউ পথে নেমে অসহায়, ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের উদ্যোগ খুব একটা নেয়না যার উদাহরণ বারবার পাওয়া যায়। এরকমই এক ঘটনার সাক্ষী থাকলো বীরপাড়া যেখানে মানসিক ভারসাম্যহীনকে নিজেদের পরিবারের মানুষের মতো আশ্রয় দিলেন বীরপাড়া থানার পুলিশ, তাঁরা ভবঘুরে মানুষটিকে দিলেন যত্ন আর ভালবাসা।
কয়েকদিন ধরেই বীরপাড়া চৌপথি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। অযত্ন আর অবহেলায় তাঁর চুল-দাড়ি লম্বা হয়ে গিয়েছিল, দীর্ঘদিন স্নান না করায় শরীর ছিল বিপর্যস্ত। বৃহস্পতিবার চৌপথিতে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক ওসি ওয়ালিয়র রহমান এবং বীরপাড়া থানার পুলিশ অফিসার শ্যামল ইশোরের নজরে আসেন ওই যুবক।ডিউটির ব্যস্ততার মাঝেই ওই যুবকের সাহায্যে এগিয়ে আসেন এই দুই পুলিশ আধিকারিক। অন্য পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতায় তাঁরা যুবকটিকে উদ্ধার করেন। এরপর পরম মমতায় তাঁর চুল-দাড়ি কেটে, ভালো করে স্নান করিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁর পুরনো নোংরা পোশাক বদলে পরিয়ে দেওয়া হয় একদম নতুন জামাকাপড়। পরিচ্ছন্ন করার পর অত্যন্ত যত্নের সঙ্গে দেওয়া হয় খাদ্য। তবে সবকিছুর উর্দ্ধে দিলেন যত্ন, স্নেহ ও ভালোবাসা যা এরকম আর্ত মানুষগুলির সবচেয়ে বেশি দরকার। এবার পুলিশের জন্য, বীরপাড়া থানার পুলিশের জন্য সাধারণ মানুষের টুপি খুলে স্যালুট জানানোর পালা!ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ!


More Stories
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু