সময় কলকাতা ডেস্ক, ২৩ মে: ঝড়বৃষ্টি হলেও কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সন্ধ্যের দিকে প্রায়ই ঝড়বৃষ্টি হচ্ছে তথাপি আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তীব্র দাবদাহের মাঝেই নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। আগামী দু’তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত সপ্তাহেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। তবে এখনই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে তাপপ্রবাহ চলবে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। যদিও এদিন সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ মে হালকা বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। এদিকে,উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুন :নাবালক ছাত্রের সঙ্গে যৌন সহবাসের অভিযোগে গ্রেফতার শিক্ষিকা


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে