স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জুন: ফেয়ার ওয়েল পর্ব চলছে বেঙ্গালুরু এফসিতে। একের পর এক তারকা ডিফেন্ডারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লু’জ শিবির। সেই ছেড়ে দেওয়া তারকাদের তালিকায় রয়েছে, এক মরশুম আগে এটিকে মোহনবাগান থেকে বেঙ্গালুরু এফসি যোগদান করা তিন ফুটবলার। ইতিমধ্যে দল ছেড়ে দিয়েছেন রয় কৃষ্ণা। সূত্রের খবর, আগামী মরশুমে তাঁকে ভারতীয় ফুটবলে দেখতে পাওয়া যাবে না। বঙ্গতনয় প্রবীর দাসও বেঙ্গালুরুর ইনিংস শেষ করে ইতিমধ্যে যোগদান করেছেন কেরালা ব্লাস্টার্সে। এবার ভারতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু এফসি।
আরও পড়ুন রুশ ইউক্রেন যুদ্ধে শিশুমৃত্যু বেড়েই চলেছে
We're bidding farewell to a rock, as defender Sandesh Jhingan calls time on a second stint with the Blues. Go well, big man! ⚡#ThankYouJhingan #WeAreBFC pic.twitter.com/CvMpq8bpMy
— Bengaluru FC (@bengalurufc) June 1, 2023
তিনিও প্রবীর ও রয় কৃষ্ণার পথ ধরে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব থেকে পাড়ি জমিয়েছিলেন বেঙ্গালুরুতে। তবে বাকি দুজনের মতই সন্দেশের বেঙ্গালুরুর ইনিংসও দীর্ঘস্থায়ী হল না। মাত্র এক মরশুম কাটিয়েই এবার নতুন ঠিকানার সন্ধানে তিনি। এপ্রজন্মের ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে সন্দেশই অন্যতম সফল ডিফেন্ডার। সুঠাম চেহারার এই পঞ্জাব তনয় বহু বছর ধরে জাতীয় দল ও দেশের প্রথম সারির ক্লাবগুলিকে সুনামের সঙ্গে পরিষেবা দিচ্ছেন। ইউনাইটেড সিকিম থেকে পেশাদারী ফুটবলে হাতেখড়ি হয়। সেখান থেকে তিনি যোগ দেন আই লিগের দল মুম্বই এফসিতে। মুম্বই এফসির জার্সিতে এক মরশুমেই নজর কাড়েন তিনি। এরপর ইন্ডিয়ান সুপার লিগের সূচনা হলে, কেরালা ব্লাস্টার্স তাঁকে সই করায়।

২০১৪ সালে প্রথম বছরেই মরশুমের সেরা উদীয়মান ফুটবলারের খেতাব জেতেন সন্দেশ। এরপর টানা ছয় বছর কেরালা ব্লাস্টার্সে কাটিয়ে তিনি যোগদান করেন এটিকে মোহনবাগানে। পাঁচ বছরের চুক্তি থাকলেও এটিকে মোহনবাগানেও সন্দেশের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। কারণ এটিকে মোহনবাগান থেকে তিনি যোগ দেন ক্রোয়েশিয়ার ক্লাব সিবেনিকে। যদিও চোটের কারণে ক্রোয়েশিয়া লিগে নিয়মিত খেলা হয়নি। অধিকাংশ সময় তাঁকে বসে থাকতে হয়েছিল ডাগআউটে। পরের মরশুমে এটিকে মোহনবাগানে ফিরলেও পুরনো ছন্দে পাওয়া যায়নি। এরপর জাতীয় দলে সতীর্থ সুনীল ছেত্রীর পরামর্শে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে। তবে সাইমন গ্রেসনের দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। প্রভাব পড়েছিল ক্লাবের পারফরম্যান্সেও।
আরও পড়ুন ঐতিহ্য বজায় রেখেই সপ্তমবারের জন্য ইউরোপা লিগ জয় সেভিয়ার

টানা কয়েকটি ম্যাচে হারতে হয়েছিল ব্লু’জ শিবিরকে। যদিও পরের দিকে ছন্দে ফেরেন সন্দেশ। ব্রুনো রামিরেজের সঙ্গে সন্দেশের জুটির সৌজন্যে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে পৌঁছয় বেঙ্গালুরু। যদিও ফাইনালে সন্দেশের পুরনো ক্লাব এটিকে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল। তবে পরিসংখ্যান বলছে বেঙ্গালুরুর হয়ে দ্বিতীয় স্পেলে ২২ ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। অ্যারিয়াল বল দখলের লড়াইয়ে বিদেশী ফুটবলারদেরও টেক্কা দিয়েছেন তিনি। মোট ১১৮ বার অ্যারিয়াল বল দখলের লড়াইয়ে সফল হয়েছেন। বেঙ্গালুরুর হয়ে জিতেছেন ডুরান্ড কাপ। যদিও মাঠে সফল হলেও তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর ছেড়ে দেওয়া অভিজ্ঞ এই ডিফেন্ডারকে দলে পেতে আসরে নেমেছে ইন্ডিয়ান সুপার লিগের দলগুলি। বেঙ্গালুরু এফসি ছেড়ে দেওয়া সন্দেশকে পেতে ঝাঁপিয়েছে হায়দরাবাদ এফসি ও গোয়া এফসি। যদিও এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কলকাতার দুই ক্লাব। সূত্রের খবর এই মুহূর্তে জাতীয় দলের এই তরকা ডিফেন্ডারকে পাওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে গোয়া এফসি। আবার লড়াইয়ে রয়েছে হায়দরাবাদও। এখন ২৯ বছরের এই দেশীয় ডিফেন্ডারকে নিজেদের দলে নিতে কারা সফল হয় সেটাই দেখার।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান