স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুন: আর মাত্র কয়েকদিন পর ছিয়ানব্বই বছরে পা দেবে ইতালির ঐতিহ্যশালী ক্লাব রোমা। ক্লাবের জন্মমাসে ইউরোপা লিগ জিতে সমর্থকদের উপহার দিতে চেয়েছিল গিয়েলোরোসিরা। যদিও কাজটি মোটেও সহজ ছিল না ইতালির ক্লাবটির জন্য। কারণ বিপক্ষ এই টুর্নামেন্টের ইতিহাসের সব থেকে সফল দল সেভিয়া।
আরও পড়ুন এবার আইপিএলে কামব্যাক ঘটানো প্রবীণ ত্রয়ী

তবে ফাইনালের আগে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন রোমা কোচ হোসে মরিনহো। ইউরোপীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় কোচের সাম্প্রতিক সময়টি ভালো যাচ্ছে না। ১৭ মাস কোচিং করানোর পর, কাপ ফাইনালের ঠিক আগে তাঁকে ছেঁটে ফেলেছিল ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পার। অপমান ভুলতে পারেননি ষাট বছরের পর্তুগিজ। ফুটবল সমালোচকদের একাংশ এমনও বলা শুরু করে দিয়েছিল যে ফুরিয়ে গিয়েছেন হোসে মরিনহো। তাই এই ট্রফিটি জিতে তাঁর সমালোচকদের যোগ্য জবাব দিতে চেয়েছিলেন এই বর্ষীয়ান পর্তুগিজ কোচ।

ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শুরু হয় দুই দলের ফুটবলারদের মধ্যে। মরিনহোর প্রশিক্ষণে গোটা মরশুমে রক্ষণাত্মক ফুটবল খেলে নজর কেড়েছে রোমা। কিন্তু এদিন রক্ষণাত্মক খোলস ছেড়ে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন লিওনার্দো স্পিনাৎসোলা, পাওলো দিবালারা। প্রথম দিকে বেশ চাপে পড়ে গিয়েছিল সেভিয়া। আক্রমণের পাশাপাশি রক্ষণটাও ছিল তাদের নিয়ন্ত্রণেই। তাই সুযোগ আসতে দেরি হয়নি। একাদশ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন লিওনার্দো স্পিনাৎসোলা। এক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য সেভিয়া গোলরক্ষকের। ম্যাচের প্রথম আধা ঘন্টা রোমার রক্ষণকে চাপে ফেলতে পারল না সেভিয়া। তবে জমাট রক্ষণের জন্য গোল হজম করেনি।

তবে কেবল রক্ষণ নির্ভর ফুটবল খেলে বেশিক্ষণ সুরক্ষিত থাকা যায়না। সেভিয়ার রক্ষণে চিড় ধরিয়ে ম্যাচের ৩২ মিনিটে রোমাকে এগিয়ে দেন পাওলো দিবালা। মানচিনির দারুণ এক পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন আর্জেন্টিনার এই ফুটবলারটি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট আগে ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় রোমা। দিবালার দুরন্ত পাস থেকে গোল করতে পারেননি লরেন্সো পেল্লেগ্রিনি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে অধিনায়ক র্যা কেটিচের শট পোস্টে লেগে ফেরা ছাড়া প্রথমার্ধে বেশ সাদামাটা ফুটবল খেলল স্পেনের ক্লাবটি।

বিরতির পর চাপ বাড়ায় সেভিয়া। ম্যাচের ৫৫ মিনিটে জেসুস নাভাসের বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন রোমার ডিফেন্ডার মানচিনি। ম্যাচে সমতা ফেরায় সেভিয়া। ৬৭তম মিনিটে আবার সুযোগ নষ্ট হয় রোমার। ট্যামি আব্রাহামের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর, ইবানেসের শটও হয় লক্ষ্যভ্রষ্ট।
আরও পড়ুন নিরামিষের দিনেও চেটেপুটে খেতে সঙ্গে থাকুক শাহী মালাই পনির

ম্যাচের ৭৫ মিনিটে সেভিয়াকে প্রথমে পেনাল্টি দিয়েও ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও ম্যাচের ফয়সালা না হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে সেভিয়ার মরোক্কান গোলরক্ষকের হাতেই কার্যত হার মানতে হয় রোমাকে। মরিনহো ব্রিগেডকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। এর আগে মোট ছয়বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি জিতেছে সেভিয়া। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখল স্পেনের ক্লাবটি।


More Stories
জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের প্রাপ্তিযোগ
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?