Home » বালেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বালেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

সময় কলকাতা ডেস্ক,৩ জুনঃ শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী থাকল গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বর বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ কমপক্ষে ১৮টি বগি বেলাইন হয়ে যায়। রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহত ৯০০ এরও বেশি মানুষ।

ট্রেনের কামরায় আটকে আছেন এখনও বহু মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গ্যাস কাটার দিয়ে ট্রেনের কামরা থেকে কেটে বের করা হচ্ছে মৃতদেহ। এখনও কামরার ভিতর জীবিত যাত্রীদের আটকে থাকার আশঙ্কা রয়েছে। এহেন পরিস্থিতিতে শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। বালেশ্বর রেল দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন    বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

শুক্রবার রাতেই বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, গুরুতর আহতদের জন্য দুই লক্ষ টাকা ও অপেক্ষাকৃত কম আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের চিকিৎসার দ্রুত বন্দোবস্ত করার নির্দেশ দেন।

অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দিয়েছেন। তিনিও দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন। কথা বলবেন আহতদের সঙ্গেও। শুক্রবারই বাংলা থেকে ৫-৬ জন সদস্যের এক প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এদিন রাতেই প্রতিবেশী রাজ্য ওড়িশায় প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্য সরকার। রাতেই পৌঁছে যান সাংসদ দোলা সেন। পাঠানো হয়েছে একদল চিকিৎসককেও।এদিকে, কেন্দ্রীয়মন্ত্রী ধমেন্দ্র প্রধানও কলকাতা সফর সংক্ষিপ্ত করে ওড়িশার বালাসোরের উদ্দেশে রওনা দিয়েছেন।

আরও পড়ুন   ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে,লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৭০

প্রসঙ্গত,শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনাটি ঘটে। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর-হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। করমন্ডল এক্সপ্রেস-এর ১৫ টি কামরা লাইনচ্যুত হয়। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল, 033-22143526, 22535185। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বরটি হল, 033-26382217। বালাসোর ডিভিশনের হেল্পলাইন নম্বরগুলি হল 8249591559,7978418322 শালিমার ডিভিশনের হেল্পলাইন নম্বরটি হল 9903370746।

About Post Author