সময় কলকাতা ডেস্ক,৭ জুনঃ বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল। রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৮। রেলের তরফে জানানো হয়েছে জানা গিয়েছে, মৃতদেহগুলি রাখা হয়েছে ভুবনেশ্বরের মর্গে। সেখানেই একটি পর্দায় পরপর দেখানো হচ্ছে মৃতদেহের ছবিগুলি। মঙ্গলবার নতুন করে বেশকিছু দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে। ফলে এখনও পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৭৭ জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে। বাকীদের এখনও চিনতে পারেননি পরিবারের সদস্যরা। পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রিঙ্কেশ রায় জানিয়েছেন, ১০১ জনের দেহ শনাক্ত করা যায়নি।”মৃতদেহগুলি অনেকাংশে বিকৃত হয়েছে, ফলে চেনা যাচ্ছে না। প্রিয়জনকে হারানোর শোকের মধ্যেই তাঁদের দেহ খোঁজার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন পাহাড় সফর বাতিল করে কটক যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যেই বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুর্ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল দুর্ঘটনার পর এফআইআর দায়ের করেছে জিআরপি। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সিবিআইয়ের ১০ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সিবিআইয়ের প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে নেওয়া হবে ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। রেলের হিসাব অনুযায়ী ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যদিও ওড়িশা সরকারের হিসাব অনুযায়ী দুর্ঘটনায় মৃত ২৭৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা দ্রুত প্রকাশ্যে আনতে পারবে সিবিআই।

আরও পড়ুন বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নিল সিবিআই
প্রসঙ্গত,বালেশ্বরের রেল বিপর্যয়ের ঘটনায় পরিকাঠামো, সিগনালিং ব্যবস্থা নিয়ে আলোচনার মাঝেই বিপর্যয়ের প্রায় ৪৮ ঘণ্টার মাথায় সোমবার সিবিআই তদন্তের সুপারিশ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার জরুরী ভিত্তিতে রেলবোর্ডের বৈঠক ডেকেছিলেন রেলমন্ত্রী। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, এবং আগামী তদন্ত যাতে যথাযথভাবে হয়, তার জন্য রেল বোর্ড সিবিআই তদন্তের সুপারিশ করছে।’ এদিকে,বালেশ্বর রেল দুর্ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। সেই দাবিতে সামিল হয়ে দলের অস্বস্তি বাড়িয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ ও বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী। রেলমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে এবার বিরোধীদের একহাত নিলেন বিজেপির সাংসদ ও সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “পদত্যাগ কোনো বিষয়ের সুরাহা নয়। যারা ভীরু তাঁরা পালিয়ে যায়। মমতা ব্যানার্জি অনেকবার এরকমভাবে পালিয়ে গিয়েছিলেন।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি